সিরিয়ায় সামরিক অস্ত্রের ডিপোতে ধারাবাহিক বিস্ফোরণ
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের কাছে একটি সামরিক অস্ত্রের ডিপোতে শক্তিশালী ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সোমবার (২১ সেপ্টেম্বর) আল জাজিরা জানায়, ভোরের দিকে আলেপ্পোর দক্ষিণে আল-ইসি শহরের কাছে একটি সিরীয় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণগুলো ঘটে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আলেপ্পোর সিভিল ডিফেন্স অপারেশনের প্রধান ফয়সল মোহাম্মদ আলী জানান, ঘটনাস্থল থেকে উদ্ধারকারীরা চারজন আহত ব্যক্তিকে সরিয়ে নিয়েছেন।
আরও পড়ুন: যুদ্ধ বন্ধে ট্রাম্পের কাছে সাত শর্ত ইরানের
আল জাজিরার প্রতিবেদক ওবায়দা হিতো জানান, ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িকে ঘটনাস্থলের দিকে যেতে দেখা যায়।
নিরাপত্তা নিশ্চিত করতে দুর্ঘটনাস্থলের দিকে যাওয়ার কয়েকটি সড়ক বন্ধ করে দিয়েছে আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল ও জরুরি পরিষেবাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-গারিব।
আরও পড়ুন: সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় বিভিন্ন সামরিক স্থাপনা ও অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনা ঘটছে। এর আগে গত শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে ১১ জন নিহত হন।
এ ছাড়া চলতি মাসের শুরুতে ইদলিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অস্ত্রাগারে বিস্ফোরণে ১৪ জন নিহত হন। এর কিছুদিন আগে গোলাবারুদ বহনকারী একটি যান বিস্ফোরিত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়।





