জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার দায়িত্ব পবিপ্রবির, শুরু ১৯ মার্চ
২০২৬–২৭ শিক্ষাবর্ষের সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ১৯ মার্চ ২০২৭ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। এবারের ভর্তি পরীক্ষা সমন্বয় ও পরিচালনার মূল দায়িত্বে রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।
ভর্তি পরীক্ষার প্রস্তুতি, সময়সূচি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
সভায় উপাচার্য জানান, একটি সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরীক্ষা আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরণের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হচ্ছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৯ মার্চ মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি যুদ্ধ শুরু হবে। পরদিন ২০ মার্চ সকালে বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিট এবং একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিষয়ের ‘ডি’ ইউনিটের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ২৭ মার্চ বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শেষ হবে।
‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের লিখিত পরীক্ষাগুলো সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের নির্দিষ্ট কেন্দ্রগুলোতে একযোগে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া
এর আগে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এক ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এ সময়সূচি চূড়ান্ত করা হয়। সভা শেষে ভর্তি পরীক্ষা কমিটির কো-কনভেনর ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেন।
বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের ২০টি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে বগুড়া, ঠাকুরগাঁও ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়সহ নতুন কয়েকটি বিশ্ববিদ্যালয় চলতি শিক্ষাবর্ষেই এই গুচ্ছে যুক্ত হতে পারে বলে জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা পরীক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াত সুবিধাসহ সার্বিক বিষয়ে প্রশ্ন তুলে ধরলে উপাচার্য বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে, ভর্তি আবেদনের সময়সূচি, প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন ফি এবং পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দ্রুততম সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষার্থীদের ভোগান্তি হ্রাস করা এবং নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করাই আমাদের প্রধান লক্ষ্য। গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় একটি আধুনিক ও সমন্বিত পরীক্ষা আয়োজনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”





