পাকুন্দিয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

Sadek Ali
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:১২ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে ঝগড়ার জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই গেন্দু মিয়া (৩০) নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেওকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ।

নিহত গেন্দু মিয়া চরদেওকান্দি গ্রামের কালাচান মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক ছিলেন।

আরও পড়ুন: কর্ণফুলীতে বরযাত্রীবাহী মাইক্রোবাসে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গেন্দু মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। শনিবার রাতে তিনি মাদকের টাকা চেয়ে মায়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মাকে মারধর শুরু করলে বড় ভাই হৃদয় মিয়া এতে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে ধস্তাধস্তি শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হৃদয় মিয়া ছুরি দিয়ে গেন্দু মিয়ার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই গেন্দু মিয়ার মৃত্যু হয়।

আরও পড়ুন: লালপুরে বেগুনের কেজি ১০০, সবজি ও মাছের বাজারে আগুন

ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে হৃদয় মিয়াকে আটক করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত হৃদয় মিয়াকে আটক করা হয়েছে। নিহত গেন্দু মিয়া মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।