কর্ণফুলীতে বরযাত্রীবাহী মাইক্রোবাসে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজবাজার এলাকায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
আরও পড়ুন: পদ্মা নদীতে নৌকাডুবি: বিএসএফের উদ্ধার, ১০ যাত্রী দেশে ফিরেছে
শনিবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী কলেজবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, উখিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে বরযাত্রীদের বহনকারী মাইক্রোবাসটি ফিরছিল। কলেজবাজার এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান হঠাৎ ইউটার্ন নেওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুতগতির মাইক্রোবাসটি কাভার্ডভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
আরও পড়ুন: সিংড়ায় বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, টর্চ লাইটে চলছে চিকিৎসা
সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন কক্সবাজারের ঈদগাঁও বাসস্ট্যান্ড এলাকার নূর জাহান প্লাজার মালিক এবং পোকখালী ইউনিয়নের গোমাতলীর বাসিন্দা ফেরদৌস আলম ফিরোজ, মাইক্রোবাসচালক মুন্না এবং মাইজপাড়ার বজল মেম্বারের চাচাতো বোন মিফতা। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
নিহত ফেরদৌস আলম ফিরোজ ঈদগাঁও বাসস্ট্যান্ডের তারেক মেডিকোর স্বত্বাধিকারী তারেকের বাবা বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
উদ্ধার অভিযানে থাকা কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। দুর্ঘটনার কারণ এবং কাভার্ডভ্যানটির গতিবিধি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।





