বাকিদের খোঁজে চলছে অভিযান

ইন্দোনেশিয়ায় জাভা সাগরে নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, নিহত ১

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:০৭ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ হওয়া যাত্রীবাহী ফেরি ‘ভির্গো ট্রান্সপোর্ট ৮’ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ফেরিতে থাকা বাকি যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, খারাপ আবহাওয়ার মধ্যে পড়ার পর ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফেরিটিতে মোট ২৪৩ জন যাত্রী ও নাবিক ছিলেন।

আরও পড়ুন: এবার নিজের সম্পত্তির তালিকায় চাঁদকেও যুক্ত করলেন ট্রাম্প

ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমানতান প্রদেশের বানজারমাসিন শহরের দিকে যাচ্ছিল। রোববার স্থানীয় সময় রাত ২টার দিকে বানজারমাসিনের প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে ফেরিটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে বেশ কয়েকটি উদ্ধারকারী জাহাজ ও একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। একই সঙ্গে জাভা সাগরের ওই এলাকায় চলাচলকারী অন্যান্য জাহাজকেও সতর্ক করা হয়েছে। নিখোঁজ কোনো যাত্রী বা তাদের অবস্থানের সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরব ইয়েমেনে হামলা বাড়ালে জবাব হবে আরও ভয়াবহ

উদ্ধারকারী দলগুলো এখনো সাগরে তল্লাশি চালিয়ে যাচ্ছে। কতজন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিতভাবে জানানো হয়নি।

এর আগে গত মাসে ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে আরেকটি ফেরিতে আগুন লাগার ঘটনা ঘটে। ওই ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছিল।

ইন্দোনেশিয়া ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ রাষ্ট্র। দেশটির বিভিন্ন দ্বীপের মধ্যে যাতায়াতের জন্য ফেরি ও নৌযান ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফলে দেশটিতে ফেরি দুর্ঘটনা ও নৌপথের নিরাপত্তা নিয়ে প্রায়ই উদ্বেগ দেখা যায়।

সূত্র: বিবিসি