লালপুরে বেগুনের কেজি ১০০, সবজি ও মাছের বাজারে আগুন
নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে হঠাৎ করেই নিত্যপ্রয়োজনীয় সবজির দাম আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ ও নিম্ন আয়ের ক্রেতাদের নাভিশ্বাস উঠছে।সরজমিনে গোপালপুর, ওয়ালিয়া, লালপুর এবং বিলমাড়িয়া বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দামই এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। বাজারে সবচেয়ে বেশি বেড়েছে বেগুনের দাম; প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এছাড়া করলা প্রতি কেজি ৮০ টাকা এবং কচু প্রতি কেজি ৬০টাকা,মুলা প্রতি ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গোপালপুর বাজারের সবজি ব্যবসায়ী ইব্রাহিম জানান, মোকামে (পাকরি বাজার) বেশি দামে সবজি ক্রয় করতে হওয়ায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। একই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ওয়ালিয়া বাজারের ব্যবসায়ী ফজলু, লালপুর বাজারের আলতাব এবং বিলমাড়িয়া বাজারের সবজি বিক্রেতা কাশেম।
ব্যবসায়ীদের দাবি, পাইকারি পর্যায়ে দাম বেশি থাকায় তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।স্থানীয়দের অভিযোগ, হাট-বাজারগুলোতে প্রশাসনিকভাবে নিয়মিত বাজার মনিটরিং না থাকার সুযোগে বিক্রেতারা ইচ্ছামতো দামে পণ্য বিক্রি করছেন। তদারকি না থাকায় বাধ্য হয়ে চড়া দামেই কেনাকাটা করতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।এদিকে সবজির পাশাপাশি বেড়েছে মাছের দামও। তবে ডিম প্রতি খাঁচা (৩০টি) ৩৫০ টাকা এবং মুরগির বাজার দর আপাতত স্থিতিশীল রয়েছে। বাজারের এই ঊর্ধ্বমুখী ভাব নিয়ন্ত্রণে নিয়মিত প্রশাসনিক মনিটরিং ও অভিযান চালানোর জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ক্রেতাসাধারণ।
আরও পড়ুন: কর্ণফুলীতে বরযাত্রীবাহী মাইক্রোবাসে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪





