এবার নিজের সম্পত্তির তালিকায় চাঁদকেও যুক্ত করলেন ট্রাম্প

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:০৭ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার চাঁদের মালিকানা নিয়েও দাবি তুলেছেন। তাঁর এমন মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ চাঁদের একটি ছবি পোস্ট করেন ট্রাম্প। ছবিটির পাশে যুক্তরাষ্ট্রের পতাকা যুক্ত করে তিনি লেখেন, ‘চাঁদ আমাদের।’ তাঁর এই পোস্ট প্রকাশের পরই চাঁদের মালিকানা নিয়ে নতুন করে শুরু হয় নানা আলোচনা।

এর কিছুক্ষণ আগে ট্রাম্প স্পেস ফোর্সের নতুন কালো পোশাকের একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। পরপর এসব পোস্ট ঘিরে ব্যবহারকারীদের মধ্যে দেখা যায় নানা ধরনের প্রতিক্রিয়া। কেউ কেউ তাঁর কর্মকাণ্ডকে জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘স্টার ওয়ার্স’-এর সাম্রাজ্যের সঙ্গে তুলনা করেছেন। আবার অনেকে রসিকতা করে ‘স্টার ওয়ার্স ইম্পেরিয়াল মার্চ’ বাজানোর কথাও বলেছেন।

আরও পড়ুন: সৌদি আরব ইয়েমেনে হামলা বাড়ালে জবাব হবে আরও ভয়াবহ


এক ব্যবহারকারী প্রশ্ন করেছেন, মঙ্গলের পর কি এবার সূর্য দখলের পালা? আরেকজন জানতে চেয়েছেন, মঙ্গলের বাসিন্দাদের কীভাবে সতর্ক করা হবে? শুধু চাঁদের ছবি নয়, ট্রাম্পকে নিয়ে প্রকাশিত আরেকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে। সেখানে তাকে ডিসি কমিকসের সুপারহিরো গ্রিন ল্যান্টার্ন হিসেবে দেখানো হয়েছে। ছবিতে ট্রাম্প ক্যামেরার দিকে তাকিয়ে আছেন এবং তাঁর হাতে রয়েছে উজ্জ্বল সবুজ রঙের একটি ‘পাওয়ার রিং’ বা ক্ষমতার বলয়।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় জাভা সাগরে নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, নিহত ১

ছবিটির সঙ্গে যুক্ত করা হয়েছে গ্রিন ল্যান্টার্নের বিখ্যাত শপথবাক্যও। সেখানে বলা হয়েছে, উজ্জ্বল দিন কিংবা অন্ধকার রাত কোনো মন্দই চোখের আড়ালে থাকবে না। মন্দের উপাসকেরা ক্ষমতার ভয় করবে, কারণ তাদের সামনে রয়েছে গ্রিন ল্যান্টার্নের আলো। তবে ট্রাম্পের চাঁদের মালিকানা দাবির বিষয়টি আন্তর্জাতিক মহাকাশ আইনের সঙ্গে সাংঘর্ষিক। ১৯৬৭ সালের মহাশূন্য চুক্তি অনুযায়ী, কোনো দেশ চাঁদ দখল করতে পারে না। যুক্তরাষ্ট্রসহ ১০০টির বেশি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে।

চুক্তি অনুযায়ী, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা কিংবা দখলের মাধ্যমে কোনো দেশ মহাশূন্যের কোনো বস্তু নিজেদের বলে দাবি করতে পারে না। ফলে চাঁদের মালিকানা দাবি এবং একই সময়ে স্পেস ফোর্সের নতুন পোশাকের ছবি প্রকাশ দুটি বিষয় নিয়েই অনলাইনে উদ্বেগ ও নানা আলোচনা দেখা দিয়েছে। সূত্র: সিএনবিসি টিভি ১৮