বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ডিআর কঙ্গোর শহরে স্কুলে আগুন, নিহত ২৯ শিশু

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:০৬ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বুকাভু শহরে আগুনে অন্তত ২৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে ও পাঁচজন ছেলে রয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

শহরটির নিয়ন্ত্রণে থাকা এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা বলেন, নিহতদের মধ্যে শিক্ষার্থীরাও রয়েছে।

আরও পড়ুন: আবারও মাটির নিচে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

পূর্ব ডিআর কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভুর চিমপুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দুটি স্কুলে ছড়িয়ে পড়ে।

জাতিসংঘ পরিচালিত সম্প্রচারমাধ্যম রেডিও ওকাপি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে (গ্রিনিচ মান সময় ০৬:০০) উজামা প্রাথমিক বিদ্যালয়, ফুরাহা মাধ্যমিক বিদ্যালয় এবং পাশের একটি বসতিতে আগুন লাগে। এতে অন্তত ২৯ শিশু নিহত হয়েছে। ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত শিক্ষার্থীদের কাছের হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০৮ ডলার, বাড়ছে সরবরাহ সংকটের শঙ্কা

দক্ষিণ কিভু প্রদেশের উপগভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েঙ্গে রয়টার্সকে বলেন, আগুনে দুটি স্কুলের পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের ঘর পুড়ে গেছে।

স্থানীয় কর্মকর্তা প্যাট্রিস বুদুগে এএফপিকে বলেন, আগুনের পর ভয়াবহ হুড়োহুড়ি শুরু হয়। এতে শিক্ষার্থীরা একে অপরের ওপর পড়ে যায় বা বের হওয়ার জন্য বিপজ্জনক পথ খুঁজতে থাকে। অনেকেই জ্ঞান হারিয়ে ফেলে। ওই হুড়োহুড়িতেও কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

লরেন্স কানিউকার তথ্য অনুযায়ী, স্থানীয় চিকিৎসাকেন্দ্রগুলোতে ২৯ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ২১ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। গুরুতর আহত ১৭ জন কাদুতু জেনারেল হাসপাতালে এবং চারজন বুকাভু প্রাদেশিক জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

কয়েকজন শিক্ষকও গুরুতর আহত

স্থানীয় একটি ক্লিনিকের নার্স ক্রিস্টোফ জিগাশানে এএফপিকে বলেন, তাঁদের চিকিৎসাকেন্দ্রে প্রায় ৫০ জন শিক্ষার্থীকে আনা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন শিক্ষকও ছিলেন। সবাই গুরুতর শ্বাসকষ্টে ভুগছিলেন।

তিনি জানান, ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পরও কয়েকজন মারা যায়।

আল জাজিরা যাচাই করা ভিডিওতে দেখা গেছে, আগুনে বেশ কয়েকটি বাড়ি পুড়ছে। আগুনের শিখা আশপাশের দুটি স্কুলেও ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতের সংখ্যা এখনো চূড়ান্ত নয়। আগুনের কারণও এখনো জানা যায়নি।

বুকাভুতে বারবার আগুন

এএফসি/এম২৩ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে জরুরি দল মোতায়েন করা হয়েছিল এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় গোষ্ঠীটি। একই সঙ্গে তদন্ত চলাকালে সবাইকে শান্ত থাকা, একে অপরের পাশে দাঁড়ানো এবং সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

রুয়ান্ডা-সমর্থিত এএফসি/এম২৩ গোষ্ঠী ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে বুকাভু নিয়ন্ত্রণ করছে। খনিজসম্পদে সমৃদ্ধ পূর্ব ডিআর কঙ্গোর বিস্তীর্ণ এলাকা দখলের অভিযান জোরদার করার পর তারা শহরটির নিয়ন্ত্রণ নেয়।

কঙ্গোর স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে বুকাভুতে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত রোববারের একটি আগুনে ৪৫টির বেশি ঘর পুড়ে যায়।

 সূত্র: আল-জাজিরা