ধানমন্ডি-২৭-এ অ্যাপেক্স শোরুমে আগুন
রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে একটি বহুতল ভবনের অ্যাপেক্স শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে।
আরও পড়ুন: মহাখালীর ব্রিটিশ টোব্যাকোতে আগুন, চারপাশে আতঙ্ক
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত ছয়তলা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরও পড়ুন: মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
পরিস্থিতি মোকাবিলায় পরবর্তীতে অন্য স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পাশাপাশি আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।





