তথ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে বালিপাড়া ব্রিজে অবৈধ টোল আদায় বন্ধ

Shahrier Islam Pallab
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:০৮ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপির হস্তক্ষেপে ময়মনসিংহের নান্দাইল-ত্রিশাল সড়কের বালিপাড়া ব্রিজে অবৈধভাবে টোল আদায় বন্ধ হয়েছে। এতে পরিবহন শ্রমিকসহ ওই সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বালিপাড়া ব্রিজ দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে টোল আদায় করা হচ্ছিল। এ নিয়ে পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবহন শ্রমিকরা একত্রিত হয়ে অবৈধ টোল আদায় বন্ধের দাবিতে নান্দাইল-ত্রিশাল সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

আরও পড়ুন: হরিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌ-ভ্রমণ

সড়ক অবরোধের কারণে নান্দাইল-ত্রিশাল সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

এদিকে, ঘটনার খবর পেয়ে নান্দাইল নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী বিষয়টি অবগত হন। পরে তার নির্দেশনায় বালিপাড়া ব্রিজে অবৈধ টোল আদায় বন্ধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন: নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ষষ্ঠ স্ত্রী

টোল আদায় বন্ধের খবর পেয়ে অবরোধকারী পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। পরে তারা প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেন।

নান্দাইল-ত্রিশাল সড়কে চলাচলকারী এক বাসচালক বলেন, “বালিপাড়া ব্রিজে টোলের নামে অন্যায়ভাবে জোর করে টাকা আদায় করা হতো। সরকারের তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে জনস্বার্থে এ অবৈধ টোল আদায় বন্ধ হওয়ায় আমরা পরিবহন শ্রমিকরা তার প্রতি কৃতজ্ঞ।”

এ বিষয়ে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ বলেন, “বালিপাড়া ব্রিজে টোল আদায়ের কোনো অনুমতি নেই। যারা টোল আদায় করেছে, তারা সম্পূর্ণ অবৈধভাবে তা করেছে।”

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম বলেন, “বালিপাড়া ব্রিজে যারা অবৈধভাবে টোল আদায় করেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”