পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে বলে পেশোয়ার পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: নভেম্বরে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, কোহাত জেলার পুলিশ সদরদপ্তরের মসজিদের গেটে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে হামলাকারীরা ধাক্কা দেয়। পরে গাড়িটিতে বিস্ফোরণ ঘটলে হতাহতের ঘটনা ঘটে। হামলার সময় জুমার নামাজ আদায়ের জন্য মসজিদটিতে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের গোলাগুলি শুরু হয়। এ সময় পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: বিশ্ববাজারে টানা তিন দিন কমল তেলের দাম
বার্তাসংস্থা ডিপিএ জানিয়েছে, বিস্ফোরণের পর স্থানীয় হাসপাতালে ১৫টি মরদেহ এবং প্রায় ৫০ জন আহত ব্যক্তিকে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকেরা আশঙ্কা করছেন।
স্থানীয় হাসপাতালের চিকিৎসক তাহির শাহ জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সক্রিয়তা রয়েছে। গোষ্ঠীটি অতীতেও পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।
হামলার পর কোহাত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।





