তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:০৫ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরের ইন্দিরা রোডে তেজগাঁও কলেজ জামে মসজিদে ‘জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার’ সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: উত্তরা-উত্তরখান-দক্ষিণখান ও মোহাম্মদপুরে রাজউকের মোবাইল কোর্ট

পুলিশের একটি বিশেষ বার্তায় বলা হয়েছে, শিহাব উদ্দিন নামে এক ব্যক্তির নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল মসজিদের দ্বিতীয় তলায় ‘মিট-আপ’ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৩০ থেকে ৪০ জন সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পরে ওই দলের ২৩ জনকে আটক করা হয়।

আরও পড়ুন: বাংলামোটর থেকে শাহবাগে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মসজিদে বৈঠক চলাকালে সন্দেহভাজন হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা কোনো নির্দিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে তাদের জঙ্গি কার্যক্রমের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

অভিযানের পর ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা উপস্থিত হন। আটক ব্যক্তিদের পরিচয়, তাদের কর্মকাণ্ড এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কি না—এসব বিষয় যাচাই করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।