সাংবাদিক পুলক চ্যাটার্জির লাশের পাশে ৫ চিরকুট

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১০ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:১০ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের সময় পাঁচটি চিরকুট বা সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।

পুলক চ্যাটার্জী তার স্ত্রী ও মেয়ে, ছোট ভাই দীপক চ্যাটার্জী, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সুমন চৌধুরী ও প্রশাসনের উদ্দেশ্যে পৃথক চিরকুট লিখে যান।

আরও পড়ুন: ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, বালু জব্দ ও আটক দুই

প্রশাসনের উদ্দেশ্যে লেখা চিরকুটে পুলক উল্লেখ করেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কথা উল্লেখ করে তিনি লেখেন, সুস্থ থাকার জন্য অনেক চেষ্টা করেছেন এবং ভারতের ভেলোরেও চিকিৎসা নিয়েছেন। কিন্তু সুস্থ হতে পারেননি। অসুস্থতার কারণে তিনি সামাজিকভাবেও পিছিয়ে পড়ছিলেন বলে চিরকুটে উল্লেখ করেন তিনি।

চিরকুটে প্রশাসনের কাছে কোনো ধরনের হয়রানি না করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ জানান পুলক।

আরও পড়ুন: টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশ্যে লেখা চিরকুটে পুলক ক্ষমা চেয়ে নেন। মেয়েকে পড়াশোনা ও গান শেখা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। স্ত্রী প্রিয়াংকার প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে ছোট ভাই দীপককে তাদের আগলে রাখার অনুরোধ করেন।

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের উদ্দেশ্যে পুলক লেখেন, ‘বিদায়’। তাদের একসঙ্গে কাটানো অনেক স্মৃতির কথা উল্লেখ করে তার মরদেহ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই পরিবারের কাছে দেওয়া হয়, সে বিষয়ে সহযোগিতার অনুরোধ করেন। একই সঙ্গে তার স্ত্রী ও মেয়ের খোঁজখবর রাখার অনুরোধ জানান তিনি।

ছোট ভাই দীপক ও দীপকের স্ত্রী ইতির উদ্দেশ্যে লেখা চিরকুটে পুলক প্রিয়াংকা ও প্রকৃতিকে আগলে রাখার অনুরোধ করেন। নিজের কারণে ভাইয়ের ওপর বড় বোঝা চাপিয়ে দেওয়ার জন্য ক্ষমা চান তিনি। মুক্তিযুদ্ধের ভাতা ও ব্যাংক হিসাবসংক্রান্ত বিষয়ে দেবাশীষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন।

দীর্ঘদিনের সহকর্মী দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সুমন চৌধুরীর উদ্দেশ্যে লেখা চিরকুটে পুলক দুঃখ প্রকাশ করেন। প্রায় দেড় যুগ একসঙ্গে কাজ করার কথা উল্লেখ করে কোনো কারণে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে সমকালে তার পাওনা টাকা আদায় করে তা তার স্ত্রীর হাতে দেওয়ার অনুরোধ করেন।

শুক্রবার রাত ৯টার দিকে সমকাল বরিশাল অফিস থেকে তার মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এর আগে সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের সমকাল ব্যুরো অফিসে তাকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমকাল অফিসের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, সুইসাইড নোট পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলক চ্যাটার্জী দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ছিলেন। ২০২৩ সালের মে মাসে তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে। মাঝে মধ্যে সমকাল অফিসে এসে বসতেন তিনি।

পুলক বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ছিলেন।