মাত্র ২৫ কোটি বাজেটের সিনেমার আয় ৩১০ কোটি রুপি

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:৩৮ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মালয়ালম সিনেমার বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে নিভিন পাউলি ও মামিথা বাইজু অভিনীত ‘বেথলেহেম ফ্যামিলি ইউনিট’। মাত্র ২৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি মুক্তির ২৬তম দিনেই বিশ্বব্যাপী আয় করেছে ৩১০ কোটি ৫৫ লাখ রুপি। এই সাফল্যের মধ্য দিয়ে মালয়ালম ভাষার সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘বেথলেহেম ফ্যামিলি ইউনিট’। এর আগে রেকর্ডটি ছিল ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’র দখলে।

ভারতীয় বক্স অফিসের হিসাব অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর ভারতে সিনেমাটির নেট আয় হয়েছে ১ কোটি ৪০ লাখ রুপি। এদিন ১ হাজার ৪১২টি প্রদর্শনীতে দর্শক উপস্থিতি ছিল ২৪ দশমিক ৭ শতাংশ। ফলে ভারতে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৪৯ কোটি ৯০ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে ১৩৫ কোটি ৫০ লাখ রুপি।

আরও পড়ুন: সম্পর্ক টিকিয়ে রাখার ‘ইনভেস্টমেন্ট’ নিয়ে যা জানালেন বর্ষা

মুক্তির চতুর্থ সপ্তাহেও সিনেমাটির ব্যবসায় বড় কোনো ধস দেখা যায়নি। ১১ সেপ্টেম্বর ২ কোটি ৫০ লাখ রুপি আয় করার পর পরদিন ৩ কোটি ৮৫ লাখ এবং রোববার ৪ কোটি ৬০ লাখ রুপি আয় করে সিনেমাটি। সোমবার আয় হয় ২ কোটি ১০ লাখ রুপি। মঙ্গলবার আয় কিছুটা কমে দাঁড়ায় ১ কোটি ৪০ লাখ রুপিতে।

মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ছিল ৫২ কোটি ৩০ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে ৪৯ কোটি ৮৫ লাখ এবং তৃতীয় সপ্তাহে ৩৩ কোটি ৩০ লাখ রুপি আয় করে এটি। দর্শকদের আগ্রহ ধরে রাখার কারণে চতুর্থ সপ্তাহেও উল্লেখযোগ্য ব্যবসা করেছে সিনেমাটি।

আরও পড়ুন: ব্যাচেলর পয়েন্ট-এ এবার আ খ ম হাসান

‘বেথলেহেম ফ্যামিলি ইউনিট’-এর সাফল্যে সবচেয়ে বড় অবদান রেখেছে এর মালয়ালম সংস্করণ। এখন পর্যন্ত এ সংস্করণ থেকে আয় হয়েছে ১৪৩ কোটি ২৫ লাখ রুপি। পাশাপাশি তেলুগু সংস্করণ থেকে ৩ কোটি ৫২ লাখ এবং তামিল সংস্করণ থেকে ৩ কোটি ১৩ লাখ রুপি আয় এসেছে।

এর আগে মুক্তির ২৪তম দিনেই ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’র রেকর্ড ছাড়িয়ে যায় সিনেমাটি। ওই সময় ‘বেথলেহেম ফ্যামিলি ইউনিট’-এর বিশ্বব্যাপী আয় ছিল ৩০৪ কোটি ৯৫ লাখ রুপি। অন্যদিকে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’র মোট আয় ছিল ৩০১ কোটি ৪১ লাখ রুপি।

মাত্র ২৫ কোটি রুপি বাজেটের বিপরীতে ৩১০ কোটির বেশি আয় সিনেমাটিকে নিভিন পাউলির ক্যারিয়ারেরও অন্যতম বড় বক্স অফিস সাফল্যে পরিণত করেছে।

পরিচালক গিরিশ এ ডির এই সিনেমার গল্প অ্যাশলি নামের এক তরুণী ও তার বয়সে বড় প্রতিবেশী জাস্টিনকে ঘিরে। বয়সের ব্যবধানের প্রেমের গল্পের পাশাপাশি এতে রয়েছে হাস্যরস, আবেগ ও পারিবারিক নানা টানাপোড়েন।

নিভিন পাউলি ও মামিথা বাইজু ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সংগীত প্রতাপ, সুরেশ কৃষ্ণ, বিনয় ফোর্ট, রোশন শানাভাস ও শ্যাম মোহন। প্রযোজনা করেছেন দিলীশ পোথান, ফাহাদ ফাসিল ও শ্যাম পুষ্করণ। ভবনা স্টুডিওসের ব্যানারে নির্মিত সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন বিষ্ণু বিজয়।