জ্বালানি সংকটে দুই মাসে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৭ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জ্বালানি সংকটের কারণে গত দুই মাসে দেশের পোশাক কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হলেও কোনো কারখানা বন্ধ হয়নি বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, গত সাত দিনের তুলনায় বর্তমানে কারখানাগুলোতে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাটেক্সপো আয়োজন, নতুন বাজার ও ক্রেতা অনুসন্ধান এবং পোশাকশিল্পের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুন: বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

মাহমুদ হাসান খান বলেন, হঠাৎ কোনো সংকটের কারণে একটি কারখানা হুট করে বন্ধ হয়ে যায় না। একটি কারখানা বন্ধ হতে অন্তত ছয় মাস সময় লাগে। কারখানায় পূর্বের ক্রয়াদেশ থাকে এবং শ্রমিকদের বেতনসহ নানা দায়বদ্ধতা থাকে। ফলে মাত্র দুই মাসের জ্বালানি সংকটের কারণে কারখানা বন্ধ হয়েছে—এমনটি বলা যাবে না। এর প্রকৃত প্রভাব বুঝতে আরও সময়ের প্রয়োজন।

তিনি আরও বলেন, এক বছর আগের কোনো সমস্যার কারণে যদি কারখানা বন্ধ হয়, তাহলে সেটিকে বর্তমান পরিস্থিতির দায় দেওয়া ঠিক নয়। শিল্প খাতে কারখানা বন্ধ হওয়া এবং নতুন কারখানা চালু হওয়া একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া।

আরও পড়ুন: ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

বিজিএমইএ সভাপতি বলেন, জ্বালানি সংকটের কারণে এখনই কোনো পোশাক কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা নেই। তবে সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন কমে গিয়ে কারখানাগুলো বন্ধ হওয়ার ঝুঁকি বাড়তে পারে।

জ্বালানি সংকট নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি শিল্পে গ্যাস সরবরাহ বাড়াতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং স্থলভিত্তিক এলএনজি সংরক্ষণাগার নির্মাণের প্রস্তাব দেন। এ ছাড়া তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে গ্যাসের অপচয় রোধ করে তা শিল্পকারখানায় সরবরাহের পরামর্শ দেন তিনি।

রপ্তানি পরিস্থিতির তথ্য তুলে ধরে মাহমুদ হাসান খান জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে দেশের সামগ্রিক রপ্তানি ৫ দশমিক ১২ শতাংশ বেড়েছে। তবে গত বছরের আগস্টে রপ্তানি কম থাকায় এবার প্রবৃদ্ধির হার বেশি দেখাচ্ছে।

সংবাদ সম্মেলনে গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাকশ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষায় হাসপাতাল নির্মাণের জন্য সরকারের কাছে জমি বরাদ্দের দাবি জানানো হয়।

এ সময় বিজিএমইএ সভাপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন বা উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদন চলতি মাসেই জাতিসংঘ সাধারণ পরিষদে অনুমোদিত হবে।