শয়তান ও নরক দেখার অভিজ্ঞতা, পোপ ফ্রান্সিসের ডায়েরিতে চাঞ্চল্যকর তথ্য
শয়তানের উপস্থিতি অনুভব করা, আগুনের মতো চোখ দেখা, এমনকি নরকের প্রবেশদ্বার দেখার অভিজ্ঞতা—এসব কথা নিজের ব্যক্তিগত ডায়েরিতে লিখেছিলেন প্রয়াত পোপ ফ্রান্সিস। জীবনের বিভিন্ন সময়ে গভীর আধ্যাত্মিক সংকটের মধ্য দিয়ে যাওয়ার কথাও সেখানে তুলে ধরেছিলেন তিনি। সম্প্রতি প্রকাশিত তাঁর ব্যক্তিগত ডায়েরিভিত্তিক একটি বইয়ে উঠে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ১৬০ পৃষ্ঠার ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ বইয়ে এসব তথ্য উঠে এসেছে। পোপের ঘনিষ্ঠ সহযোগী এবং ভ্যাটিকানের ধর্মতত্ত্ববিষয়ক দপ্তরের প্রধান কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ বইটি সংকলন করেছেন। এতে পোপের ব্যক্তিগত ডায়েরির বিভিন্ন অংশের পাশাপাশি তাঁর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বিশ্লেষণও রয়েছে।
আরও পড়ুন: ইয়েমেনে সেনাবাহিনীর অভিযানে ২৭ হুথি যোদ্ধা নিহত
১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ডায়েরি লিখেছেন ফ্রান্সিস। আর্জেন্টিনায় বিশপ হিসেবে দায়িত্ব পালন থেকে শুরু করে পোপ নির্বাচিত হওয়ার পরও লেখালেখি অব্যাহত রেখেছিলেন তিনি। বইটির ৮৬ পৃষ্ঠায় আর্জেন্টিনায় থাকার সময়ের লেখা এবং ৫৫ পৃষ্ঠায় পোপ হিসেবে দায়িত্ব পালনের সময়কার ডায়েরির অংশ স্থান পেয়েছে।
বইটিতে বলা হয়েছে, জীবনের অন্তত তিনটি ঘটনায় শয়তানের উপস্থিতি অনুভব করার কথা লিখেছিলেন পোপ ফ্রান্সিস। এর মধ্যে দুটি ঘটনা আর্জেন্টিনার বুয়েনস এইরেসের আর্চবিশপ থাকাকালে এবং অন্যটি ২০১৮ সালে পোপ হিসেবে দায়িত্ব পালনের সময় ঘটেছিল বলে ডায়েরিতে উল্লেখ রয়েছে।
আরও পড়ুন: নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ চার দেশ
২০২৪ সালের ১৮ আগস্টের একটি ডায়েরি এন্ট্রিতে শয়তানের চোখের কথা লিখেছিলেন তিনি। ফ্রান্সিসের বর্ণনায়, সেই চোখ ছিল আগুনের মতো—একই সঙ্গে ভয়ংকর ও প্রলুব্ধকর। চোখের সেই দৃশ্য তিনি ভুলতে পারছিলেন না বলেও উল্লেখ করেন।
২০১৮ সালে চিলি সফর শেষে রোমে ফেরার কয়েক দিন পরের আরেকটি অভিজ্ঞতার কথা ডায়েরিতে লিখেছেন তিনি। একটি বৈঠকে শয়তানকে দেখতে এবং তার কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন বলে উল্লেখ করেন ফ্রান্সিস। তাঁর বর্ণনা অনুযায়ী, কণ্ঠস্বরটি ছিল কর্কশ ও বিজয়ীর মতো। তখন তাঁর মনে হয়েছিল, শয়তান বলছে, ‘এখন আমি যা চেয়েছিলাম, সবই পেয়ে গেছি।’ পরে ওই বৈঠক থেকে বেরিয়ে আসার সুযোগ পাওয়াকে সৃষ্টিকর্তার সহায়তা হিসেবে দেখেছিলেন তিনি।
ডায়েরিতে নরকের প্রবেশদ্বার দেখার অভিজ্ঞতার কথাও লিখেছেন প্রয়াত পোপ। ২০১৮ সালের একটি ঘটনায় ঘুমাতে যাওয়ার আগে এমন দৃশ্য দেখেছিলেন বলে উল্লেখ করেন তিনি। বিষয়টিকে পৌত্তলিক প্রলোভনের চূড়ান্ত রূপ হিসেবে বর্ণনা করেছিলেন ফ্রান্সিস। দৃশ্যটি দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। পরে সুরক্ষার জন্য হাতে তুলে নিয়েছিলেন জপমালা বা রোজারি।
এ ধরনের অভিজ্ঞতার বিবরণ ডায়েরিতে উঠে এলেও এগুলো ছিল পোপের ব্যক্তিগত আধ্যাত্মিক উপলব্ধি ও অনুভূতির বর্ণনা। বইটিতে ২০২১ ও ২০২২ সালে পোপ ফ্রান্সিসের গভীর আধ্যাত্মিক সংকটের কথাও উঠে এসেছে। সে সময় নিজের ক্ষমতা প্রয়োগের প্রবণতা, অতিরিক্ত আত্মবিশ্বাস এবং সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার আকাঙ্ক্ষা নিয়ে অস্বস্তিতে ছিলেন তিনি।
গির্জার প্রশাসনিক সিদ্ধান্ত, দায়িত্ব পালনের চাপ এবং মানসিক ক্লান্তি তাঁর সংকটকে আরও গভীর করেছিল। এসব পরিস্থিতি সামাল দিতে বিনয় ও ধৈর্য ধারণের চেষ্টা করেছিলেন তিনি।
কার্ডিনাল ফার্নান্দেজের বর্ণনা অনুযায়ী, একবার এক বিশপ পোপকে প্রশ্ন করেছিলেন, তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা এবং ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত একজন কর্মকর্তাকে কেন পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না। দীর্ঘ নীরবতার পর ফ্রান্সিস জানিয়েছিলেন, কাউকে নিজের ইচ্ছামতো ব্যবহার বা নিয়ন্ত্রণ করার মতো অবস্থানে যেতে চান না তিনি। এ কারণে ওই ব্যক্তিকে দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।
২০২২ সালের ৩০ ডিসেম্বরের ডায়েরিতেও অন্যদের পুতুলের মতো ব্যবহার করার প্রলোভন প্রত্যাখ্যানের কথা লিখেছিলেন ফ্রান্সিস। নিজের উত্তরসূরি পোপ লিও চতুর্দশ সম্পর্কেও ডায়েরিতে ইতিবাচক মন্তব্য করেছিলেন ফ্রান্সিস। কার্ডিনাল রবার্ট প্রিভোস্টকে একজন মহান ধর্মযাজক, উদার মিশনারি ও নিষ্কলঙ্ক মানুষ হিসেবে বর্ণনা করেছিলেন তিনি। পরবর্তী সময়ে এই রবার্ট প্রিভোস্টই পোপ লিও চতুর্দশ নির্বাচিত হন।
সমালোচকদের প্রতিও উদার মনোভাবের পরিচয় দিয়েছিলেন ফ্রান্সিস। গিনির কার্ডিনাল রবার্ট সারা সম্পর্কে তাঁর মন্তব্য ছিল, তাঁর মধ্যে পরিশীলিত আধ্যাত্মিক সংবেদনশীলতা রয়েছে। অন্যদিকে জার্মান কার্ডিনাল গেরহার্ড মুলারকে আক্রমণাত্মক মনে হলেও ভালো মানুষ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি।
২০১৮ সালে চিলির ক্যাথলিক গির্জার যাজকদের যৌন নিপীড়ন কেলেঙ্কারি নিয়েও ডায়েরিতে লিখেছিলেন পোপ ফ্রান্সিস। সে সময় এক বিশপের বিরুদ্ধে যৌন নিপীড়নের ঘটনা প্রত্যক্ষ করা এবং তা আড়াল করার অভিযোগ ওঠে। শুরুতে ওই বিশপের বিরুদ্ধে অভিযোগের গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করতে না পারায় সমালোচনার মুখে পড়েছিলেন ফ্রান্সিস।
পরে নিজের অবস্থানের জন্য ক্ষমা চান তিনি এবং চিলির সব বিশপকে রোমে তলব করেন। একপর্যায়ে দেশটির বিশপরা সম্মিলিতভাবে তাঁর কাছে পদত্যাগপত্র জমা দেন। ডায়েরিতে ফ্রান্সিস লিখেছিলেন, চিলির পরিস্থিতি এবং বিমানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। ওই ঘটনার গুরুত্ব শুরুতে বুঝতে না পারার বিষয়টিও স্বীকার করেছিলেন তিনি।
২০১৩ সালের ১৩ মার্চ পোপ নির্বাচিত হয়ে ফ্রান্সিস নাম গ্রহণ করেন জর্জ মারিও বেরগোলিও। দীর্ঘ ১২ বছর ক্যাথলিক গির্জার প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৫ সালের ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান তিনি। মৃত্যুর কয়েক সপ্তাহ আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
কার্ডিনাল ফার্নান্দেজের মতে, ডায়েরিগুলোতে ফ্রান্সিসের ব্যক্তিগত জীবন, আত্মিক সংগ্রাম, দায়িত্ববোধ এবং ধর্মীয় নেতৃত্বের প্রতি গভীর নিষ্ঠার প্রতিফলন ঘটেছে। বইটি প্রকাশ করছে ভ্যাটিকান প্রকাশনা সংস্থা। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও কানাডায় এর ইংরেজি সংস্করণ প্রকাশ করছে পেঙ্গুইন র্যান্ডম হাউসের একটি প্রকাশনা প্রতিষ্ঠান।





