ইরানে বিষাক্ত মদপানে ২০ জনের বেশি মৃত্যু, অসুস্থ পাঁচ শতাধিক
ইরানে বিষাক্ত মদপানে প্রাণহানির ঘটনা আবারও বেড়েছে। গত নভেম্বরের মাঝামাঝি থেকে মিথানল মেশানো মদ পান করে দেশটিতে ২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই ঘটনায় বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন অন্তত ৫০০ জন।
মিথানল এমন একটি রাসায়নিক, যা চিকিৎসা ক্ষেত্রে জীবাণুনাশক ও ক্ষত পরিষ্কারের কাজে ব্যবহৃত হয়। তবে এটি পান করলে মারাত্মক বিষক্রিয়া হতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে।
আরও পড়ুন: রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০
প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ নভেম্বর মধ্য ইরানের ফার্স প্রদেশের মারভদাশতে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। শুক্রবার পর্যন্ত ফার্স প্রদেশে ৬৬ জন, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে ১২৬ জন, রাজাভি খোরাসান প্রদেশে ২৩০ জন এবং পশ্চিম আজারবাইজান প্রদেশে ১৫ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন।
ঘটনার পর অবৈধ মদ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। শুক্রবার পর্যন্ত দেশটির বিভিন্ন স্থান থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে প্রায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য ৩০ শতাংশ কোটা
রাজাভি খোরাসান প্রদেশের কৌঁসুলি শুক্রবার জানান, রাজাভি খোরাসান, ফার্স ও হরমোজগান প্রদেশের বিষক্রিয়ার ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র রয়েছে। দূষিত মদ সরবরাহের একটি চক্রের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে।
অবৈধ মদের উৎপাদন নিয়েও তদন্তের তাগিদ
তেহরানের পুলিশের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ধরনের ঘটনা ঠেকাতে শুধু মদ সরবরাহকারীদের নয়, উৎপাদন চক্রকেও তদন্তের আওতায় আনতে হবে। তাঁর মতে, অনেক সময় বিক্রেতারাও জানেন না যে তাঁদের বিক্রি করা মদে বিষাক্ত উপাদান রয়েছে।
তিনি জানান, অবৈধ মদ প্রস্তুতকারীরা সাধারণত চিকিৎসায় ব্যবহৃত ইথানল কিনে তার সঙ্গে আঙুর বা খেজুর থেকে তৈরি অ্যালকোহল মেশান। রং ও স্বাদ পরিবর্তনের জন্য কেউ কেউ চা বা অ্যাকর্নের নির্যাস ব্যবহার করেন। আবার বাণিজ্যিক মদের মতো স্বাদ ও গন্ধ তৈরি করতে টাকিলা বা হুইস্কির ফ্লেভারও যোগ করা হয়।
তবে চিকিৎসায় ব্যবহৃত অ্যালকোহলে কখনো কখনো মিথানল মিশে থাকতে পারে। সেই দূষিত উপাদান দিয়ে মদ তৈরি হলে তা অত্যন্ত বিষাক্ত হয়ে উঠতে পারে। এমনকি উৎপাদনকারীরাও অনেক সময় বিষয়টি বুঝতে পারেন না।
ইরানে মদ বিক্রি ও পান নিষিদ্ধ
১৯৮০ সালে ইসলামি বিপ্লবের পর ইরানে মদ নিষিদ্ধ করে আইন কার্যকর করা হয়। তবে খ্রিষ্টান ও ইহুদিদের মতো ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কিছু ক্ষেত্রে মদ ব্যবহারের সুযোগ রয়েছে।
দেশটিতে মদ কেনাবেচা বেআইনি। মদ পান করলে ৮০ বেত্রাঘাত ও কারাদণ্ডের মতো শাস্তির বিধান রয়েছে। একই অপরাধ বারবার করলে মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়েছে।
কঠোর আইন থাকা সত্ত্বেও দেশটির বিভিন্ন বড় শহরে অবৈধভাবে মদ পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর সম্প্রতি নাগরিকদের মদ পান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। তবে কেউ মদ পান করার পর অস্বাভাবিক উপসর্গ অনুভব করলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
দেরিতে চিকিৎসা নেওয়ায় বাড়ছে ঝুঁকি
মাশহাদের চিকিৎসক ডা. শাদি হাসানজাদেহ আলজাজিরাকে বলেন, অনেক রোগী চোখে ঝাপসা দেখা, ধীরে ধীরে চেতনা হারানো কিংবা খিঁচুনির মতো গুরুতর উপসর্গ দেখা দেওয়ার পর বুঝতে পারেন যে এটি সাধারণ নেশাজনিত সমস্যা নয়। কিন্তু ততক্ষণে দৃষ্টিশক্তি রক্ষা করা কঠিন হয়ে যেতে পারে।
তাঁর ভাষ্য, ঘরে তৈরি মদে মিথানল বা শিল্পকারখানায় ব্যবহৃত অ্যালকোহল মেশানো হলে তা অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। কারণ পান করার সময় এতে মিথানল রয়েছে কি না, তা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়।
তেহরানের একটি চক্ষু হাসপাতালের নার্স মরিয়ম জানান, অবৈধ মদ পান করার পর অনেকেই চিকিৎসকদের কাছে বিষয়টি গোপন করেন না। শিল্পকারখানায় ব্যবহৃত অ্যালকোহল পান করলে অন্ধত্বের ঝুঁকি রয়েছে—এমন ধারণার কারণে অনেকে প্রথমেই চক্ষু হাসপাতালে যান। তাঁদের মধ্যে চোখের সমস্যাই সবচেয়ে বেশি দেখা যায়।
তিনি বলেন, মিথানলযুক্ত মদ পান করার পর দ্রুত চিকিৎসা নিলে দৃষ্টিশক্তি রক্ষার সম্ভাবনা বাড়ে। কিন্তু অনেকেই বিষক্রিয়ার বিষয়টি বুঝতে না পেরে চিকিৎসা নিতে দেরি করেন।
মরিয়মের মতে, সপ্তাহান্তে ও জাতীয় উৎসবের সময় ইরানে মদপানের ঘটনা বেশি ঘটে। এ সময় কাজ ও পড়াশোনার ব্যস্ততা থেকে মানুষ কিছুটা অবসর পান।
তিনি আরও জানান, মিথানল পান করার প্রথম ২৪ ঘণ্টায় এর উপসর্গ সাধারণ হ্যাংওভারের মতো মনে হতে পারে। প্রায় ৭২ ঘণ্টা পর পরিস্থিতি গুরুতর হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই বুঝতে পারেন যে বড় ধরনের সমস্যা হয়েছে।
সূত্র: আলজাজিরা





