ইসরায়েলের দুইটি স্থাপনায় ইয়েমেনের হামলা

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:০৮ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের রামন আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল-নাকাব মরুভূমির একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী (ওয়াইএএফ)। এ হামলাকে তারা গাজায় গণহত্যা এবং ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ বলে দাবি করেছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি এক বিবৃতিতে জানান, চারটি আত্মঘাতী ড্রোন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর মধ্যে তিনটি রামন বিমানবন্দরে এবং একটি আল-নাকাব মরুভূমির সামরিক স্থাপনায় আঘাত করে।

আরও পড়ুন: ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট

সারি বলেন, এই উচ্চপর্যায়ের অভিযান নির্ধারিত লক্ষ্য পূরণ করেছে। তিনি আরও ব্যাখ্যা করেন, এই পদক্ষেপ নেওয়া হয়েছে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যা ও ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিক্রিয়ায়।

তিনি উল্লেখ করেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ইয়েমেনের ফিলিস্তিন সংহতি অটল রয়েছে এবং ইসরায়েলি হামলা ইয়েমেনিদের প্রতিরোধের শক্তি দুর্বল করতে পারবে না।

আরও পড়ুন: বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও জটিল আকার ধারণ করায় এই হামলাকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে।