তানজানিয়ায় নির্বাচনী বিক্ষোভে নিহত প্রায় ৭০০: দাবি বিরোধী দলের

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্ন, ০১ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:১৬ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তানজানিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে চলমান তিন দিনের বিক্ষোভে প্রায় ৭০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির প্রধান বিরোধী দল চাদেমা।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানী দারুস সালামের কেন্দ্রস্থলে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র জন কিটোকা বলেন, দারুস সালামে ৩৫০ জন এবং মওয়ানজায় ২০০ এরও বেশি মানুষ নিহত হয়েছেন। দেশের অন্যান্য অঞ্চলের হিসাব মিলিয়ে মোট নিহতের সংখ্যা প্রায় ৭০০।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

একটি নিরাপত্তা সূত্রও একই ধরনের তথ্যের ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

অন্যদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তাদের হাতে অন্তত ১০০ জন নিহত হওয়ার নিশ্চিত তথ্য রয়েছে।

আরও পড়ুন: যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা

চাদেমার মুখপাত্র কিটোকা বলেন,  আমাদের দলীয় সদস্যদের নেটওয়ার্ক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে মরদেহের হিসাব সংগ্রহ করেছে। সরকারের প্রতি আমাদের আহ্বান, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করুন, পুলিশি নির্যাতন বন্ধ করুন এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখান।

তিনি আরও দাবি করেন,  আসলে কোনো নির্বাচনই অনুষ্ঠিত হয়নি। এখন আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন, যা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করবে।

এদিকে, দেশটির বেশ কয়েকটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি, জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।