ঘন কালো মেঘ ইরানের আকাশে, ঝরছে ‘কালো বৃষ্টি’
ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি বিমান হামলার পর এক অদ্ভুত ও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যায় জ্বালানি তেলের প্রধান গুদামগুলোতে ইসরায়েলি বাহিনীর হামলার পর তেহরানের আকাশ ছেয়ে গেছে ঘন কালো মেঘে। আর আজ রোববার (৮ মার্চ) সকাল থেকে শহরটিতে ঝরছে তেলমিশ্রিত রহস্যময় ‘কালো বৃষ্টি’।
তেলে সিক্ত বৃষ্টির পানি রোববার সকালে ঘুম থেকে উঠে তেহরানের প্রায় এক কোটি বাসিন্দা এই অভূতপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তেহরান প্রতিনিধি ফ্রেড প্লিটজেন সরাসরি সম্প্রচারে এই পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, “আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টি; বৃষ্টির পানি আসলে পুরোপুরি কালো। মনে হচ্ছে এটি তেলে সিক্ত বা জ্বালানি মিশ্রিত।” তিনি আরও জানান, হামলার ভয়াবহতার কারণেই বায়ুমণ্ডলে ভাসমান তেলের কণা বৃষ্টির সাথে নিচে নেমে আসছে।
আরও পড়ুন: ইরানের শাসন পতন হলে নতুন মধ্যপ্রাচ্য তৈরি হবে: মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম
ইসরায়েলের সামরিক হামলার লক্ষ্যবস্তু এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, শনিবার সন্ধ্যায় তারা তেহরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব স্থাপনা থেকে সামরিক খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রাহকদের কাছে জ্বালানি সরবরাহ করা হতো। এই হামলার ফলে ওই এলাকায় বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যা থেকে উৎপন্ন ধোঁয়া ও তেলের বাষ্প পুরো রাজধানীর আকাশকে অন্ধকার করে ফেলেছে।
পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি বিশেষজ্ঞরা বলছেন, এই ‘কালো বৃষ্টি’ কেবল একটি দৃশ্যমান দুর্যোগ নয়, এটি মারাত্মক পরিবেশগত এবং স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। বৃষ্টির পানিতে তেলের উপস্থিতি জলাশয় ও কৃষি জমির অপূরণীয় ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তেহরানের স্থানীয় প্রশাসন বাসিন্দাদের আপাতত ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন: ইরান যুদ্ধের ছায়ায়: আনন্দ, ভয় এবং অনিশ্চয়তার এক সপ্তাহ





