ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে। দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও মজুত স্বাভাবিক রাখতে এই তেল আমদানি করা হয়েছে।
ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই ডিজেল পৌঁছেছে। গত সোমবার (৯ মার্চ) বিকেল থেকে পাইপলাইনে তেল সরবরাহ শুরু হয়ে বুধবার (১১ মার্চ) তা সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলহেড ডিপোর তত্ত্বাবধায়ক মো. আহসান হাবিব চৌধুরী।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে পরপর তিন জাহাজে হামলা, একটিতে আগুন
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন (IOC) এবং নুমালিগড় রিফাইনারির কাছে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
এদিকে পার্বতীপুর তেল ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে চাহিদার তুলনায় কম জ্বালানি সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. রজব আলী সরকার জানান, ডিপো থেকে প্রতি পেট্রোল পাম্পকে প্রায় ১ লাখ ৩ হাজার লিটার পেট্রোল এবং ২ লাখ ২৮ লিটার ডিজেল দেওয়া হচ্ছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল।
আরও পড়ুন: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন
তার অভিযোগ, কিছু পাম্প তুলনামূলক বেশি বরাদ্দ পাচ্ছে, ফলে অন্য পাম্পগুলো ক্রেতাদের চাপের মুখে পড়ছে। অনেক ট্যাংক-লরি তিন দিন পর্যন্ত অপেক্ষা করার পর তেল পাচ্ছে বলেও জানান তিনি।
রেশনিং প্রসঙ্গে পার্বতীপুর রেলহেড ডিপোর তত্ত্বাবধায়ক জানান, প্রতিদিন ১ লাখ ৩০ হাজার লিটারের পরিবর্তে ১ লাখ ৫ হাজার লিটার পেট্রোল ও অকটেন সরবরাহ করা হচ্ছে। মূলত ডিজেল সরবরাহ কম থাকায় রেশনিং পদ্ধতিতে পেট্রোল পাম্পগুলোতে তেল বিতরণ করা হচ্ছে।
উল্লেখ্য, উত্তরাঞ্চলের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে তেল সরবরাহ করা হয়। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের শিলিগুড়ি থেকে শুরু হওয়া প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি পঞ্চগড় ও নীলফামারী হয়ে পার্বতীপুরে শেষ হয়েছে।
ডিপো সূত্রে জানা গেছে, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ মেট্রিক টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ মেট্রিক টন এবং ২০২৫ সালে ১ লাখ ২৪ হাজার ২১৬ মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে।





