মৃত ঘোষণা করা নারী অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে ‘জীবিত’

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:০৪ পূর্বাহ্ন, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ৫:০৪ পূর্বাহ্ন, ১২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারত-এর উত্তরপ্রদেশ-এ চিকিৎসকদের মৃত ঘোষণা করা এক নারী অলৌকিকভাবে জীবিত ফিরে এসেছেন বলে দাবি করেছে তার পরিবার।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারি বেরেলি-হরিদ্বার জাতীয় মহাসড়ক-এ অ্যাম্বুলেন্সটি রাস্তার একটি বড় গর্তে পড়লে শক্তিশালী ঝটকা লাগে। এরপরই বিনীতা শুক্লা নামের ওই নারীর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হতে শুরু করে। এর আগে ২২ ফেব্রুয়ারি বাড়িতে কাজ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়লে চিকিৎসকরা তাকে ‘ব্রেইন ডেড’ ঘোষণা করেছিলেন।

আরও পড়ুন: প্রমাণ ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ের দাবি ট্রাম্পের

বিনীতার স্বামী কুলদীপ কুমার শুক্লা জানান, হাসপাতালের চিকিৎসকরা তার স্ত্রীর বেঁচে থাকার কোনো আশা নেই বলে জানালে তারা শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে ফেরার সময় হাফিজগঞ্জ এলাকায় গাড়িটি একটি বড় গর্তে পড়ে প্রচণ্ডভাবে কেঁপে ওঠে।

এরপরই দেখা যায় বিনীতার ক্ষীণ হৃৎস্পন্দন ও শ্বাস-প্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এই ঘটনার পর তাকে দ্রুত পিলভিট-এর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং একদিন পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

আরও পড়ুন: হামলায় আহত হন ইরানের নতুন সুপ্রিম লিডার, ভেঙে গেছে এক পা : সিএনএন

জানা যায়, পিলভিটের বিচার বিভাগীয় আদালতে কর্মরত বিনীতা ২২ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বেরেলি-র একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে শারীরিকভাবে সম্পূর্ণ প্রতিক্রিয়াহীন এবং ‘ব্রেইন ডেড’ হিসেবে শনাক্ত করেন।

তবে পরবর্তী পরীক্ষা ও চিকিৎসার পর পিলভিটের চিকিৎসকেরা জানিয়েছেন, যথাযথ চিকিৎসা দেওয়ার পর বিনীতা দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। এই ঘটনাকে তার পরিবার ‘মৃত্যুর মুখ থেকে ফিরে আসা’ হিসেবে বর্ণনা করেছে।