ইরানে মার্কিন স্থল অভিযানে অংশ নেবে না ইসরাইল
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো স্থল অভিযানে ইসরাইল অংশ নেবে না বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল হামলা চালায়, তাহলে ইসরাইলি সেনারা সরাসরি সেই অভিযানে অংশ নেবে না। এর মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, এমন অভিযানের দায়িত্ব পুরোপুরি যুক্তরাষ্ট্র-এর ওপরই ছেড়ে দিতে চায় তেল আবিব।
আরও পড়ুন: দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
এই অবস্থান এমন সময়ে সামনে এলো, যখন সম্ভাব্য স্থল অভিযান নিয়ে ওয়াশিংটনেই নতুন করে বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে, পেন্টাগন সীমিত অভিযানসহ বিভিন্ন বিকল্প প্রস্তুত রাখছে। তবে হোয়াইট হাউস এখনো প্রকাশ্যে নিশ্চিত করেনি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের কোনো সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।
এদিকে ইরান যেকোনো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। দেশটির কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মার্কিন সেনারা ইরানে প্রবেশ করলে ভয়াবহ প্রতিরোধের মুখোমুখি হতে হবে।
আরও পড়ুন: শর্ত সাপেক্ষে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
সামরিক বিশ্লেষকরা মনে করছেন, সম্ভাব্য স্থল অভিযান ভিয়েতনাম যুদ্ধের মতো কৌশলগত ভুলে পরিণত হতে পারে। শিকাগো বিশ্ববিদ্যালয়-এর রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট পেপ বলেন, “ভিয়েতনাম যুদ্ধ দেখিয়েছে কীভাবে আকাশযুদ্ধ ধীরে ধীরে স্থলযুদ্ধে রূপ নেয়।”
তিনি সতর্ক করেন, ইরান ইস্যুতেও একই ধরনের পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং আগামী কয়েকদিনই নির্ধারণ করবে সংঘাত কোন দিকে মোড় নেবে।
চ্যানেল ১২-এর এই প্রতিবেদন যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সমর্থকরা বলছেন, ওয়াশিংটনকে একটি ব্যয়বহুল স্থলযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যেখানে ইসরাইল নিজে সরাসরি অংশ নিতে আগ্রহ দেখাচ্ছে না।





