আল-জাজিরার প্রতিবেদন
ইরান সংকটে বিশ্ব অর্থনীতি চাপে, প্রবৃদ্ধি কমাল আইএমএফ
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং হরমুজ প্রণালিতে অচলাবস্থার প্রভাব বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ৩ দশমিক ১ শতাংশে নামিয়েছে।
বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে প্রবৃদ্ধি আরও কমে ২ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে। এতে বিশেষ করে নিম্ন আয়ের ও উন্নয়নশীল দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে। জ্বালানি, খাদ্যপণ্য এবং পরিবহন ব্যয় বেড়ে বৈশ্বিক সরবরাহব্যবস্থায়ও চাপ তৈরি হয়েছে।
আরও পড়ুন: এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’
তবে এই সংকটের মধ্যেও কিছু খাত উল্লেখযোগ্য মুনাফা করেছে। আল জাজিরা-এর বিশ্লেষণে উঠে এসেছে এমন পাঁচটি খাত—বিশ্ববাজারে অস্থিরতার কারণে লেনদেন বেড়ে যাওয়ায় ওয়াল স্ট্রিটের বড় ব্যাংকগুলো লাভবান হয়েছে।
মর্গান স্ট্যানলি, গোল্ডম্যান স্যাকস এবং জেপি মর্গান চেজ সবগুলোই ২০২৬ সালের প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য মুনাফা করেছে। বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগকারীদের ঘন ঘন লেনদেনই এই মুনাফার মূল কারণ।
আরও পড়ুন: বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু: ট্রাম্প
ক্রিপ্টো-ভিত্তিক পূর্বাভাস প্ল্যাটফর্ম পলিমার্কেট যুদ্ধকেন্দ্রিক অনিশ্চয়তার সুযোগে ব্যাপক আয় করছে। ব্যবহারকারীরা যুদ্ধ, রাজনীতি বা অর্থনৈতিক ঘটনার ফলাফল নিয়ে বাজি ধরায় প্ল্যাটফর্মটির আয় দ্রুত বেড়েছে।
বিশ্বজুড়ে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির ফলে এই খাতেও বড় উত্থান দেখা গেছে। ‘এমএসসিআই ওয়ার্ল্ড অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স ইনডেক্স -এর তথ্য অনুযায়ী, এই খাতে প্রায় ৩২ শতাংশ পর্যন্ত নিট মুনাফা হয়েছে, যা বৈশ্বিক শেয়ারবাজারের গড় প্রবৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে।
সংকটের মধ্যেও এআই খাতের প্রবৃদ্ধি থেমে নেই। চিপ রপ্তানি বৃদ্ধি এবং প্রযুক্তিগত চাহিদা বাড়ায় তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি -এর মতো প্রতিষ্ঠানগুলো রেকর্ড আয় করেছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে এআই গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবেই থাকবে।
এদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অনেক দেশ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, শতাধিক দেশে এ খাতে নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে, ফলে নবায়নযোগ্য জ্বালানি খাতেও প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।





