তিনদিনের চীন সফর শেষে দেশে ফিরছেন ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ন, ১৫ মে ২০২৬ | আপডেট: ১২:৩১ পূর্বাহ্ন, ১৬ মে ২০২৬

তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ মে) দুপুরের পর বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ফোর্স ওয়ান বিমানে করে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

বিদায় উপলক্ষে বিমানবন্দরে ট্রাম্পের সম্মানে আনুষ্ঠানিক আয়োজন করা হয়। সফরের সময় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে টানা দুই দিন বৈঠক করেন।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

বৈঠকে দুই নেতা বাণিজ্য, ইরান ও তাইওয়ান ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন।

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক সমঝোতায় চীনের সহযোগিতা চেয়েছে বলে জানা গেছে। অন্যদিকে চীন তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে পুনরায় একীভূত করার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে বেইজিং ওয়াশিংটনকে সতর্ক করে জানিয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্র বাধা দিলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

সফরের সবচেয়ে বড় বাণিজ্যিক অগ্রগতি হিসেবে চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০০টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতির বিষয়টি সামনে এসেছে।

এছাড়া সফরকালে ট্রাম্প চীনের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাও পরিদর্শন করেন।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক উত্তেজনার মধ্যেও এ সফর যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।