ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে: শেহবাজ শরিফ

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬ | আপডেট: ৮:২১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তার মতে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ বলেন, আলোচনার বর্তমান অগ্রগতি অব্যাহত থাকলে খুব শিগগিরই চুক্তিটি চূড়ান্ত হতে পারে। চুক্তি সম্পন্ন হওয়ার পরপরই তা ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, অবতরণের সময় আগুন

তিনি আরও জানান, চুক্তি স্বাক্ষরের পর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় ইতিবাচক ভূমিকা এবং পারস্পরিক অঙ্গীকারের প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা ও সমর্থনের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন: ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

শেহবাজ শরিফ বলেন, “আমরা বিশ্বাস করি, এই ঐতিহাসিক শান্তি চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।”

তবে সম্ভাব্য চুক্তির বিষয়বস্তু কিংবা আলোচনার বিস্তারিত বিষয়ে তিনি কোনো অতিরিক্ত তথ্য প্রকাশ করেননি।

সূত্র: আল জাজিরা