ইউরোপে তাপপ্রবাহে ৩ দেশে প্রাণ গেল ৩ হাজার ৭০০ জনের
জুন মাসে আট দিনের তীব্র তাপপ্রবাহে ইউরোপের ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অতিরিক্ত প্রায় ৩ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে। তিন দেশের সরকারি তথ্যের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করেছে রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, এটি ছিল ইউরোপে এ পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহগুলোর একটি। এ সময় বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাস্থ্যসেবার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়।
আরও পড়ুন: খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের অপেক্ষা
আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞদের ধারণা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ধরনের চরম তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, যাদের মৃত্যু হয়েছে তারা সবাই বিভিন্ন শারীরিক অসুস্থতা বা জটিলতায় ভুগছিলেন। বিশেষজ্ঞদের মতে, তাপপ্রবাহ না হলে তাদের অনেকেই হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতে পারতেন।
আরও পড়ুন: পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত অন্তত ৪০, আহত ৮
তিন দেশের মধ্যে সবচেয়ে বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, আট দিনের তাপপ্রবাহে ফ্রান্সে অতিরিক্ত ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ৪৫ বছরের বেশি বয়সী মানুষের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং প্রকৃত মৃতের সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে।
বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত ১১ দিনে দেশটিতে অতিরিক্ত ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৩০ জনের বয়স ছিল ৮৫ বছর বা তার বেশি, ১৮০ জনের বয়স ৬৫ বছরের নিচে এবং বাকিদের বয়স ৬৫ বছরের বেশি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের অতিরিক্ত মৃত্যুর ঘটনা তাদের দেশে এর আগে কোনো গ্রীষ্ম মৌসুমে দেখা যায়নি।
অন্যদিকে, নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুনের তাপপ্রবাহে দেশটিতে অতিরিক্ত ৪৮০ জনের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশের বয়স ছিল ৮০ বছরের বেশি।





