অনেকদিন পর জনসম্মুখে আইআরজিসি প্রধান
অনেকদিন পর জনসম্মুখে দেখা গেল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদিকে।
রোববার সকালে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের কর্মকর্তারা।
আরও পড়ুন: খামেনির জানাজা সম্পন্ন, তেহরানে লাখো মানুষের সমাগম
যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আইআরজিসির তৎকালীন প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর আহমদ ভাহিদিকে বিপ্লবী গার্ডের সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে খুব কমই জনসম্মুখে দেখা গেছে। রোববারের জানাজা অনুষ্ঠানে তার উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, ১১ জুলাই বৈঠকের সম্ভাবনা
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশিত একটি ভিডিওতেও কালো টুপি পরিহিত অবস্থায় জানাজায় অংশ নিতে দেখা গেছে জেনারেল ভাহিদিকে।
আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার পাশাপাশি তার পরিবারের আরও চার সদস্যের জানাজাও অনুষ্ঠিত হয়েছে। তারা গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন।
নিহতদের মধ্যে ছিলেন খামেনির মাত্র ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানি। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জানাজার সময় জাহরার ছোট কফিনটি তার নানার কফিনের পাশেই রাখা হয়েছিল।
তাসনিম জানিয়েছে, জাহরার বাবা মোহাম্মদ জাওয়াদ মোহাম্মাদি গোলপায়েগানিও জানাজার নামাজে উপস্থিত ছিলেন।
একই হামলায় নিহত হন জাহরার মা এবং খামেনির কন্যা বুশরা খামেনিও।
রোববার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়।
শিয়া ধর্মীয় নেতা জাফর সোবহানি জানাজার নামাজে ইমামতি করেন। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়।





