মার্কিন বাহিনীকে ‘অবিস্মরণীয় শিক্ষার’ হুঁশিয়ারি মোজতবা খামেনির
মার্কিন হামলার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, তেহরান ও তার আঞ্চলিক মিত্ররা যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দিতে প্রস্তুত। একই সঙ্গে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বারবার লঙ্ঘনের অভিযোগও তুলেছেন তিনি।
শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: মার্কিন ভিসা আবেদনকারীদের নতুন সতর্কবার্তা
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, গত মাসের সমঝোতা স্মারক লঙ্ঘনের মাধ্যমে ওয়াশিংটন প্রমাণ করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো কার্যকারিতা নেই।
বিবৃতিতে আরও বলা হয়, ‘মহা শয়তান’ বারবার চুক্তি ভঙ্গ করে দেখিয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন ও অকার্যকর। চাপ সৃষ্টি, আধিপত্যবাদ এবং বর্বরতাকে তিনি আমেরিকার আদর্শ ও মতবাদের অংশ বলেও উল্লেখ করেন।
আরও পড়ুন: ভারী বৃষ্টিতে জম্মু-কাশ্মীরে বন্যা ও ভূমিধসে নিহত ৮, নিখোঁজ ৬
খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ উসকে দিয়ে আরও বড় মূল্য ও অপমানের দিকে এগোতে চায়, তাহলে তাদের জানা উচিত—ইরান এবং প্রতিরোধ ফ্রন্ট তাদের জন্য অবিস্মরণীয় শিক্ষা প্রস্তুত রেখেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সেতু, রেললাইন ও পানি পরিশোধনকেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ইরানে হামলা জোরদার করেছে। এর জবাবে তেহরান কুয়েতের বেসামরিক অবকাঠামোতে সফল হামলা চালানোর দাবি করেছে। এর প্রভাবে দেশটির কর্তৃপক্ষ বাসিন্দাদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছে।
এদিকে ইসলামাবাদ চুক্তির পরও যুক্তরাষ্ট্র ইরানে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসব হামলায় মিনাবের একটি স্কুলও লক্ষ্যবস্তু হয়েছে, যেখানে শতাধিক শিশুর মৃত্যুর দাবি করা হয়েছে। পাশাপাশি ইরানের পরমাণু প্রকল্পেও হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা টানা সাত রাত ধরে ইরানে অভিযান চালিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে এই অভিযান অব্যাহত রয়েছে। তবে আজ সেই অভিযান অষ্টম দিনে গড়িয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, হামলা অব্যাহত থাকলে ইরান পূর্ণমাত্রার যুদ্ধে নামতে বাধ্য হবে।
শুক্রবার রাতের হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র যদি এ ধরনের হামলা চালিয়ে যায়, তাহলে ইরান শুধু পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পূর্ণমাত্রার যুদ্ধে অংশ নেবে। সে ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কোনো রাজনৈতিক সীমান্তই নিরাপদ থাকবে না বলেও তিনি সতর্ক করেন।





