কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৩৫১ জন

Sadek Ali
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:১২ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা জেলাজুড়ে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৩৫১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকা ও মহানগরীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযানে অংশ নেয়। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

আরও পড়ুন: শেরপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, অপরাধে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ না পাওয়া এবং প্রাথমিকভাবে সতর্ক করার অংশ হিসেবে ২১৯ জনকে মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে কার্যক্রম তদারকি করেন।

আরও পড়ুন: কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

জেলা পুলিশ সূত্রে আরও জানা যায়, কুমিল্লায় মাদক, ছিনতাই ও কিশোর অপরাধ দমনে গত ২৩ সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হয়। ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে জেলাজুড়ে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়। এ ছাড়া বিভিন্ন অপরাধে জড়িত ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান জানান, উঠতি বয়সী তরুণরা যাতে কোনোভাবেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিত প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করছে।

তিনি বলেন, অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর তদারকি রাখা হচ্ছে।

পুলিশ সুপার আরও জানান, কুমিল্লা জেলা থেকে কিশোর অপরাধ, মাদক ও ছিনতাই নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমনে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।