থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, নিহত ৭
থাইল্যান্ডের একটি স্কুলে এক শিক্ষার্থীর বন্দুক হামলায় সাতজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষক ও হামলাকারী শিক্ষার্থীও রয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সকালে দেশটির মধ্যাঞ্চলীয় ননথাবুরি প্রদেশের বাং কুরাই জেলার একটি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় স্কুলের নিয়মিত শিক্ষা কার্যক্রম চলছিল।
আরও পড়ুন: হুথিদের হামলায় সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর ৫৮ সদস্য নিহত
ননথাবুরি প্রাদেশিক পুলিশের শীর্ষ কর্মকর্তা দেচরাপি কংদি জানান, হামলাকারী নবম শ্রেণির একজন শিক্ষার্থী। তার বয়স আনুমানিক ১৪ বছর। তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশের তথ্য অনুযায়ী, স্কুল ভবনের তৃতীয় তলার একটি খালি কক্ষ থেকে ওই শিক্ষার্থী কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবর্ষণের একপর্যায়ে সে আত্মহত্যা করে।
আরও পড়ুন: বিশ্ববাজারে কমল তেলের দাম
ঘটনার পরপরই শিক্ষার্থী ও শিক্ষকরা দ্রুত স্কুল ভবন থেকে নিরাপদ স্থানে সরে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল নিয়ন্ত্রণে নেয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।
আরেক পুলিশ কর্মকর্তা পাসাকর্ন চাইতাউইয়ং জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কী কারণে ওই শিক্ষার্থী হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
থাইল্যান্ডে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বেসামরিক নাগরিকদের হাতে আগ্নেয়াস্ত্রের সংখ্যা তুলনামূলক বেশি। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় এক কোটি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং প্রতি সাতজনের মধ্যে একজনের কাছে বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে।





