উড্ডয়নের কয়েক সেকেন্ড পর সাগরে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:৫১ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ব্যক্তিগত হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা তিন আরোহীরই মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে গ্রিসের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম ‘কাঠিমেরিনি’র প্রতিবেদনে বলা হয়েছে, বেল মডেলের ওই ব্যক্তিগত হেলিকপ্টারটি সিফনোসের একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়ার কথা ছিল হেলিকপ্টারটির।

আরও পড়ুন: যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা

তবে উড্ডয়নের পরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরের পানিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তিন আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

হেলিকপ্টারটি কেন উড্ডয়নের পরপরই সাগরে বিধ্বস্ত হলো, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১৪

এদিকে ‘কাঠিমেরিনি’র প্রতিবেদনে হেলিকপ্টারটির পাইলটকে নিয়ে নতুন একটি তথ্য উঠে এসেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারের পাইলটকে মাত্র দুই মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল।

তবে পাইলটের নিয়োগের সময়ের সঙ্গে দুর্ঘটনার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষ হওয়ার পরই জানা যাবে।