মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৯:০৩ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা জানিয়ে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য মির্জা ফখরুলকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান জারদারি।

আরও পড়ুন: সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

অভিনন্দনবার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। দেশের মানুষের কল্যাণে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জারদারি বলেন, অভিন্ন ইতিহাস, ধর্ম ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানান তিনি।

আরও পড়ুন: সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নিহত ৩

তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের সহযোগিতা আরও বাড়বে।

পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে তিনি মির্জা ফখরুলের সঙ্গে কাজ করতে আগ্রহী।

মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে জারদারি বলেন, তার এই সফর দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতা সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করবে।

অভিনন্দনবার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের দায়িত্ব সফলভাবে পালনের পাশাপাশি বাংলাদেশের মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট।