মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
মুন্সীগঞ্জে সালিশ বৈঠকে তিনজনকে হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ মে) ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাসুদ করিম আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, সৌরভ প্রধান, রনি বেপারী এবং শিহাব প্রধান। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন—শাকিব প্রধান, শামীম প্রধান, অনিক বেপারী, রায়হান ও ছোট জাহাঙ্গীর। উল্লেখ্য, দণ্ডপ্রাপ্ত শিহাব, শাকিব ও শামীম আপন ভাই।
আরও পড়ুন: চাঁদাবাজির মামলায় ইস্টার্ন হাউজিং কর্মকর্তা রিপন ৪ দিনের রিমান্ডে
মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ার দায়িত্বে থাকা বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. বিল্লাল হোসেন জানান, আদালত পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা শেষে এ রায় দেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ মার্চ বিকেলে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় দুইদল কিশোর-তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসায় ওইদিন রাতেই সালিশ ডাকেন স্থানীয়রা। তবে সালিশে উপস্থিত হয়ে সৌরভ, শিহাব ও শামীম পক্ষের সদস্যরা প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালায়। ছুরিকাঘাতে নিহত হন মো. ইমন হোসেন (২২), মো. সাকিব হোসেন (১৯) এবং মিন্টু প্রধান (৪০)।
আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
এ ঘটনার পরদিন নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার মুন্সীগঞ্জ সদর থানায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
রায় ঘোষণার পর আদালত চত্বরে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। তারা দ্রুত বিচার নিশ্চিত করায় আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান।





