ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সকলকে সজাগ থাকতে হবে: এমপি কামরুল
দেশের সম্প্রীতি নষ্ট করতে একটি চক্র চেষ্টা করছে। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় হিন্দু-মুসলিম সকলকে সজাগ থাকতে হবে। সেই সঙ্গে দেশের সকল নাগরিককে আইন মেনে চলতে হবে। অপরাধ যে বা যারাই করুক, সে যে দলেরই হোক অথবা হিন্দু-মুসলিমসহ যে কোনো ধর্মেরই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দেশের প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করা হবে। যে বা যারা অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনা হবে। এ সময় তিনি সকলকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে অনুরোধ করেন।
গতকাল শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে এক কিশোরের অবমাননাকর পোস্টকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও উপাসনালয়ে হামলায় ক্ষতিগ্রস্ত উপাসনালয় এবং বাড়িঘর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্তদের উপাসনালয় ও বাড়িঘর আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার করার আশ্বাস দেন এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস প্রদান করেন।
আরও পড়ুন: রিফাত হত্যা: সাত বছর পরও আলোচিত সেই মামলা, কনডেম সেলে মিন্নির নীরব দিনযাপন
এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, ওসি আমিনুল ইসলাম, বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সালাহ উদ্দিন মোল্লাসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৩ জুন উপজেলার গড়কাটি গ্রামের দীপ্ত রায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে অবমাননাকর একটি পোস্ট করেন। তার এই পোস্ট তাহিরপুরের বাদাঘাট বাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে।
আরও পড়ুন: পটুয়াখালীতে আন্তর্জাতিক নির্যাতিতদের সহায়তা দিবস পালিত, মব জাস্টিস বন্ধের দাবি
পরে ওইদিন বিকেলে দীপ্ত রায় বাদাঘাট বাজারে এলে তাকে একদল যুবক ধাওয়া করে। এ সময় তিনি বাদাঘাট বাজারের মোক্তার হোসেনের পেট্রোলের দোকানে গিয়ে আশ্রয় নেন।
কিছুক্ষণের মধ্যে শত শত বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করতে জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় স্থানীয় সচেতন মহল তাকে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের কাছে সোপর্দ করে।
এ ঘটনার জের ধরে ওইদিন রাতে এবং পরদিন ভোরে বাদাঘাট বাজার ও গড়কাটি গ্রামের কয়েকটি দোকান ও মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।





