দেশের কৃষি উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: রুবেল এমপি

Sanchoy Biswas
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ন, ২০ জুন ২০২৬ | আপডেট: ৯:২০ অপরাহ্ন, ২০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন দেশের কৃষিখাতকে। আমাদের দেশের প্রায় প্রতিটি মানুষই কৃষি কাজের সঙ্গে জড়িত। আগামী বাজেটে কৃষিখাতে সর্বোচ্চ বরাদ্দ থাকবে। দেশের অর্থনীতিকে ভালো করতে সকলেই সরকারকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে দেশের সকল সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। ভোট ও জনগণের মতামত ছাড়া সরকার হওয়ার কারণে দেশে যা খুশি তাই করেছে। আওয়ামী লীগ সরকারের অনিয়ম, দুর্নীতির কারণে দেশের অর্থনীতি, কৃষিখাত, ব্যাংক খাতসহ সকল সেক্টর ও আইনশৃঙ্খলা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় বসার পর থেকেই দেশের সকল খাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি ২০ জুন শনিবার দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ, সার, চারা ও অন্যান্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আরও পড়ুন: গাজীপুরে ফল উৎসব

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি মো. ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক এস.এম সোহানুর রহমান সোহান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রেজুয়ান উল্লাহ, যুবদলের আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা জিনাত রেহানা।

অনুষ্ঠানে ১ হাজার ৫২০ জন কৃষকের মাঝে এক কেজি করে রোপা আমন বীজ, ১০ কেজি করে এমওপি, ডিএপি সার, ৫০০ জনকে ৫টি করে গাছের চারা, ৮০ জনের মাঝে হাইব্রিড মরিচ ও সার বিতরণ করা হয়।

আরও পড়ুন: গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবলের পর্দা উঠল, উদ্বোধনী ম্যাচে বিকেএসপির দাপুটে জয়

পরে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন শেরপুর-৩ আসনের সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।