সুরঞ্জিত সেনগুপ্তের হামলা মামলা: সিলেটের আদালতে আরিফ-বাবর-গৌছ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:১৬ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ওপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আসামিদের জবানবন্দি গ্রহণ শেষ হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে হাজির হয়ে জবানবন্দি দেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সরকারদলীয় হুইপ জিকে গৌছ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

আরও পড়ুন: জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে: গাজী নজরুলের বিষয়ে আদালত

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডবিধির ৩৪২ ধারায় আসামিদের জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ২১ এপ্রিল মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর মামলাটি রায়ের পর্যায়ে যাবে।

আদালতে দেওয়া জবানবন্দিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাদের এই মামলায় জড়ানো হয়েছে। তাদের দাবি, প্রাথমিক এজাহারে তাদের নাম ছিল না, পরবর্তীতে সম্পূরক চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা: হানিফসহ ৪ জনের মামলায় রায় যেকোনো দিন

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন জানান, মামলায় উপস্থাপিত ৬৭ জন সাক্ষীর কেউই আসামিদের সরাসরি সম্পৃক্ততার কথা বলেননি। ফলে পর্যাপ্ত প্রমাণের অভাবে আসামিরা খালাস পাবেন বলে তারা আশাবাদী।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাইবাজারে সুরঞ্জিত সেনগুপ্তের এক রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে যুবলীগের এক কর্মী নিহত এবং অন্তত ২৯ জন আহত হন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান সুরঞ্জিত সেনগুপ্ত।

ঘটনার পর দিরাই থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২০২০ সালের ২২ অক্টোবর এই মামলায় লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী, জিকে গৌছসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।