গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড মঞ্জুর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৫৬ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিন এবং তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালত পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: এমপি নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন

মরদেহ উদ্ধারের পর গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলাম ছাড়াও মরিয়মের মামা মো. ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী, এখন রিমান্ডে নিয়ে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

আরও পড়ুন: এমপি নজরুলেকে রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ