দুদকের আবেদনে জেবুন্নেসা হকের ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:১০ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্নীতির অভিযোগের তদন্তের মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাই আরিফুল হকের স্ত্রী জেবুন্নেসা বেগম হকের নামে থাকা একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

দুদকের পক্ষে উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ব্যাংক হিসাবটি অবরুদ্ধ করার আবেদন করেন।

আরও পড়ুন: ফেরানো হচ্ছে ‘মবের শিকার’ শিক্ষকদের

দুদকের আবেদনে বলা হয়, আনিসুল হকসহ মামলার এজাহারভুক্ত ও তদন্তে আসা আসামিদের বিরুদ্ধে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে মামলা করা হয়েছে। মামলার অভিযোগে নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদ অর্জনের কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ২৯টি ব্যাংক হিসাবে মোট ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা এবং ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের অভিযোগও রয়েছে বলে জানিয়েছে দুদক।

আরও পড়ুন: স্ত্রী মরিয়মের মৃত্যুর মামলায় এমপি গাজী নজরুল ফের চার দিনের রিমান্ডে

তদন্তের অগ্রগতির কথা উল্লেখ করে দুদক আরও জানায়, আনিসুল হক এবং তদন্তে আসা মোহাম্মদ ইকবাল, শেখ মো. ইফতেখারুল ইসলাম ও জেবুন্নেসা বেগম হকের নামে মোট ১৭২ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৯৪১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, আসামিদের ২৩টি ব্যাংক হিসাবে মোট ৩৭৫ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা জমা এবং ৩৬১ কোটি ৭৩ লাখ ২৭ হাজার ১২৯ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

দুদকের দাবি, অবৈধভাবে ব্যাংক হিসাবে জমা করা অর্থ উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা হতে পারে। এ কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জেবুন্নেসা বেগম হকের নামে থাকা ব্যাংক হিসাবটি অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, ব্যাংক হিসাবটি অবরুদ্ধ করা না হলে পরবর্তী সময়ে বিচারকালে সংশ্লিষ্ট অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা কঠিন হতে পারে এবং এতে রাষ্ট্রের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আদালত দুদকের আবেদন বিবেচনা করে জেবুন্নেসা বেগম হকের ওই ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।