আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৫৬ পূর্বাহ্ন, ০২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আজ ১ অক্টোবর, ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’। প্রবীণদের মর্যাদা, সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব সামনে রেখে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় ১৯৯১ সাল থেকে বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে প্রবীণদের সুস্বাস্থ্য ও শান্তিময় জীবন কামনা করা হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে দেওয়া বাণীতে বলা হয়, প্রবীণদের কল্যাণে সরকার ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও জনহিতৈষী সংগঠন, বিত্তবান ব্যক্তি এবং পরিবারকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বাণীতে বলা হয়, প্রবীণদের প্রতি ভালোবাসা, তাঁদের হাসিমুখ এবং নিরাপদ বার্ধক্য নিশ্চিত করা সবার অঙ্গীকার হওয়া উচিত।

আরও পড়ুন: ক্যানসারের ঝুঁকি কমাতে বদলান ৫ দৈনন্দিন অভ্যাস

প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে দেওয়া বাণীতে বলা হয়, প্রবীণ ব্যক্তিরা পরিবার ও সমাজের ভিত্তি। তাঁদের ত্যাগ, অভিজ্ঞতা ও প্রজ্ঞার ওপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে। তাই কল্যাণমূলক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে প্রবীণদের প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি প্রয়োজন।

বাণীতে আরও বলা হয়, পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব পর্যায়েই প্রবীণদের প্রতি সম্মান, সহানুভূতি ও দায়িত্বশীলতার চর্চা অব্যাহত রাখতে হবে। তাঁদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আর্থিক স্থিতিশীলতা এবং সমাজে সক্রিয় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা, জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, মোবাইল অপারেটরের মাধ্যমে প্রবীণদের মর্যাদা বিষয়ে ক্ষুদে বার্তা পাঠানো এবং ইলেকট্রনিক গণমাধ্যমে প্রচার। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও দিবসটি নিয়ে প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, দেশের সব জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেবাগ্রহীতা ও অংশীজনদের নিয়ে দিবসটি পালন করবে।