নবীগঞ্জে পৌর কর সেবা সপ্তাহে আদায় ৪১ লাখ ৫৭ হাজার টাকা
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় ১০ দিনব্যাপী ‘পৌর কর সেবা সপ্তাহ ও মেলা-২০২৬’ শেষ হয়েছে। মেলা চলাকালে পৌরবাসীর কাছ থেকে মোট ৪১ লাখ ৫৭ হাজার ৫০৬ টাকা পৌর কর আদায় হয়েছে। বৃহস্পতিবার(০১আগষ্ট) সকালে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ৫০ হাজার টাকার বেশি পৌর কর পরিশোধকারী ১১ জন করদাতাকে সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয়। পৌর প্রশাসক সুলতানা জেরিন তাঁদের হাতে এসব স্মারক তুলে দেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, নাগরিকদের কর পরিশোধে উৎসাহিত করা এবং করসংক্রান্ত সেবা সহজ করতে এ মেলার আয়োজন করা হয়। ১০ দিন ধরে পৌরসভার বিভিন্ন সেবা ও কর পরিশোধের সুযোগ পান নাগরিকেরা। সমাপনী অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা বলেন, পৌরসভার নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনায় পৌর কর গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও নাগরিকদের ভোগান্তি কমিয়ে কর আদায়ের কার্যক্রম পরিচালনার কথা জানান তাঁরা।
আরও পড়ুন: মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পৌরবাসীরা উপস্থিত ছিলেন।





