দাম্পত্য সম্পর্ক মজবুত করতে চার অভ্যাসের পরামর্শ হার্ভার্ড অধ্যাপকের

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:৩৪ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দাম্পত্য জীবনে ঝগড়া-বিবাদ থাকলেও অনেক সম্পর্ক টিকে যায়—এর পেছনে থাকে কিছু ইতিবাচক অভ্যাস। এমনটাই মনে করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সুখ-বিশেষজ্ঞ আর্থার ব্রুকস। তিনি জানিয়েছেন, চারটি সহজ কিন্তু কার্যকর অভ্যাস দাম্পত্য সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও অর্থবহ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ব্রুকসের মতে, সম্পর্ক ভালো রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একসঙ্গে আনন্দময় সময় কাটানো। হাসি-ঠাট্টা, ঘুরে বেড়ানো বা ছোট ছোট সুখের মুহূর্ত তৈরি করা সম্পর্কের ভিতকে মজবুত করে। তিনি বলেন, “যত বেশি আনন্দের স্মৃতি তৈরি হবে, তত কম অভিযোগ থাকবে।”

আরও পড়ুন: সিঁড়ি দিয়ে ওঠানামায় হাঁটুতে ব্যথা? কারণ লুকিয়ে থাকতে পারে যেসব সমস্যায়

দ্বিতীয়ত, একে অপরের সঙ্গে কথা বলার সময় চোখে চোখ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান ডিজিটাল যুগে মানুষ শারীরিকভাবে উপস্থিত থাকলেও মানসিকভাবে অনুপস্থিত থাকে। চোখে চোখ রেখে কথা বললে সম্পর্কের গভীরতা বাড়ে এবং এটি মস্তিষ্কে ‘অক্সিটোসিন’ হরমোন নিঃসরণ বাড়িয়ে আবেগীয় বন্ধন শক্তিশালী করে।

তৃতীয় অভ্যাস হিসেবে তিনি শারীরিক স্নেহ প্রকাশের ওপর গুরুত্ব দেন। হাত ধরা, আলিঙ্গন বা ছোট ছোট স্পর্শ মানসিক প্রশান্তি দেয় এবং স্ট্রেস কমাতে সহায়তা করে। এতে পারস্পরিক বিশ্বাস ও নিরাপত্তাবোধও বাড়ে।

আরও পড়ুন: বারবার পাইলস ফিরে আসার প্রধান কারণ

সবশেষে ব্রুকস বলেন, একসঙ্গে প্রার্থনা করার অভ্যাস দাম্পত্য জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। এটি মানসিক সংযোগ বাড়ানোর পাশাপাশি এক ধরনের আধ্যাত্মিক সমন্বয় তৈরি করে, যা সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে।

বিশেষজ্ঞদের মতে, এই ছোট ছোট অভ্যাসগুলো নিয়মিত চর্চা করলে দাম্পত্য সম্পর্ক ধীরে ধীরে আরও শক্তিশালী ও অর্থবহ হয়ে ওঠে।