গ্রীষ্মে বাড়ছে নানা রোগের ঝুঁকি, যেসব অসুস্থতায় থাকতে হবে বেশি সতর্ক

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ন, ১৯ মে ২০২৬ | আপডেট: ৭:২৮ অপরাহ্ন, ১৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে তাপমাত্রার বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। আগের তুলনায় গ্রীষ্মকাল এখন আরও বেশি উষ্ণ হয়ে উঠেছে। আমাদের দেশেও অতিরিক্ত গরম, উচ্চ আর্দ্রতা ও দূষণের কারণে শিশু, বয়স্ক এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মকালে কিছু রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তাই সময়মতো সতর্কতা ও সচেতনতা জরুরি।

হিট স্ট্রোক

আরও পড়ুন: চল্লিশের পর মাতৃত্বে শরীর প্রস্তুত রাখতে যেসব ব্যায়াম জরুরি

তাপজনিত সবচেয়ে গুরুতর অসুস্থতার মধ্যে অন্যতম হলো হিট স্ট্রোক। এতে শরীরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায় এবং শরীর স্বাভাবিকভাবে ঠান্ডা হতে পারে না। শুষ্ক ও গরম ত্বক, বিভ্রান্তি, দ্রুত হৃদস্পন্দন এবং অজ্ঞান হয়ে যাওয়া এর প্রধান লক্ষণ। শিশু, বয়স্ক ও বাইরে কাজ করা ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকেন।

পানিশূন্যতা

আরও পড়ুন: ডিহাইড্রেশনজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেন? লক্ষণ ও পার্থক্য জানুন

অতিরিক্ত গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে পানি বেরিয়ে যাওয়ায় পানিশূন্যতা দেখা দিতে পারে। তীব্র তৃষ্ণা, গা ঘোরা, গা ক্লান্ত লাগা এবং গাঢ় রঙের প্রস্রাব এর সাধারণ লক্ষণ। গুরুতর অবস্থায় এটি কিডনি জটিলতা ও নিম্ন রক্তচাপের কারণ হতে পারে।

ডায়রিয়া

গ্রীষ্মকালে খাবার ও পানি সহজেই ব্যাকটেরিয়া বা ভাইরাসে দূষিত হতে পারে। ফলে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়। বারবার পাতলা পায়খানার কারণে দ্রুত শরীর থেকে পানি বের হয়ে যায়, যা শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ।

কলেরা

দূষিত পানি পানের কারণে কলেরা হতে পারে। এতে হঠাৎ করেই প্রচুর পাতলা পায়খানা শুরু হয় এবং দ্রুত পানিশূন্যতা দেখা দেয়। দ্রুত চিকিৎসা না পেলে রোগটি প্রাণঘাতী হতে পারে।

টাইফয়েড

দূষিত খাবার ও পানির মাধ্যমে টাইফয়েড ছড়ায়। দীর্ঘস্থায়ী জ্বর, পেটব্যথা, মাথাব্যথা ও দুর্বলতা এর প্রধান লক্ষণ। চিকিৎসা না করলে অন্ত্রে জটিলতা তৈরি হতে পারে।

জন্ডিস (হেপাটাইটিস এ)

হেপাটাইটিস এ ভাইরাসের কারণে জন্ডিস হতে পারে, যা সাধারণত দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া, গাঢ় প্রস্রাব, বমি বমি ভাব ও অতিরিক্ত ক্লান্তি এর লক্ষণ।

ডেঙ্গু

বর্ষার আগে গ্রীষ্মের শেষ দিকে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার বাড়লে ডেঙ্গুর ঝুঁকিও বাড়তে শুরু করে। উচ্চ জ্বর, শরীর ও গাঁটে ব্যথা, ফুসকুড়ি এবং প্লেটলেট কমে যাওয়া ডেঙ্গুর সাধারণ উপসর্গ।

বিশেষজ্ঞদের পরামর্শ, গরমের সময়ে পর্যাপ্ত পানি পান, নিরাপদ খাবার গ্রহণ, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মশা ও অতিরিক্ত তাপ থেকে নিজেকে সুরক্ষিত রাখলে এসব রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।