নেত্রকোনা-৪ আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী সাজ্জাদুল হাসান
নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব ও দলের তথ্য এবং গবেষণা উপ-কমিটির সদস্য সাজ্জাদুল হাসান।
শুক্রবার (২১ জুলাই) রাতে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আরও পড়ুন: জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ বিকল্প ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
এর আগে গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদীয় ও আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাজ্জাদুল হাসানের প্রয়াত পিতা আখলাকুল হোসাইন আহমেদ বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর ছিলেন। ১৯৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধু তার বাবাকে মোহনগঞ্জ ও বারহাট্টা নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন দিয়েছিলেন এবং প্রাদেশিক পরিষদের সদস্য হয়েছিলেন। সাজ্জাদুল হাসানের বড় ভাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
আরও পড়ুন: বদলি বাণিজ্যে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মাদকদ্রব্যের মহাপরিচালককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শোকজ
গত ১১ জুলাই মারা যান নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন। ১৫ জুলাই শূন্যঘোষিত আসনটিতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ১৬ জুলাই ঘোষিত তফসিল অনুযায়ী এ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন ২৪ জুলাই, মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল ২৬-২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯-৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট ও ভোটগ্রহণ ২ সেপ্টেম্বর।





