ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: তৃতীয় দিনে টোল আদায় হল যত টাকা

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৩:০৮ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার তৃতীয় দিনে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ২৫ লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে এবং এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে ৩০ হাজারের বেশি গাড়ি।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: নভেম্বরের শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

কর্তৃপক্ষ জানায়, শনিবার (২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উড়ালসড়ক উদ্বোধনের পর রবিবার থেকে কাওলা থেকে তেজগাঁও অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। যান চলাচলের তৃতীয় দিনে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৫ লাখ ৬ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে।

এ সময়ে ৩০ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে। এসব গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেট পথে ১৫ হাজার ৬৯০টি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেট পথে ৩ হাজার ৬১৯টি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দর পথে ২ হাজার ৮৯৮টি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৮ হাজার ৭১২টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করেছে।

আরও পড়ুন: মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

এর আগে, যান চলাচল শুরুর প্রথম দিন রবিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উড়ালসড়ক থেকে আয় হয় ১১ লাখ ৮ হাজার ২৪০ টাকা। দ্বিতীয় দিনে টোল আদায় হয় প্রায় ২২ লাখ টাকা।

এক্সপ্রেসওয়েতে চলতে হলে কার, ট্যাক্সি, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাকের (৩ টনের কম) জন্য টোল দিতে হবে ৮০ টাকা। মাঝারি ট্রাক (৬ চাকা পর্যন্ত) ৩২০ টাকা, ৬ চাকার বেশির ট্রাক ৪০০ টাকা এবং সব ধরনের বাসের (১৬ সিট বা তার বেশি) জন্য ১৬০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।