মিডিয়া মঘুলদের সামাজিকভাবে বয়কট করতে হবে: ববি হাজ্জাজ
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রথম সারিতে থাকা সিনিয়র সাংবাদিকরা জনগণকে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ উল্লেখ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, এসব সাংবাদিক নামধারী কতিপয় সুবিধাবাদী “মিডিয়া মুঘল” ভাইদের সামাজিকভাবে বয়কট করার জন্য আমরা জনগণের নিকট আহ্বান জানাচ্ছি।
আজ বিকালে রাজধানীর মালিবাগে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ভারতের সাথে হওয়া চুক্তির প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: আগামী মাসে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় রেল চলাচল বিষয়ক সমঝোতা স্মারক নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের কাছে প্রশ্ন রেখে ববি হাজ্জাজ বলেন, আওয়ামী লীগ কি আমাদের এই ভূ-খন্ড ব্যবহার করার অধিকার দেবার প্রতিশ্রুতি দিয়েছিলো বলেই আপনারা ৭ই জানুয়ারির প্রহসনের নির্বাচনে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন? তিনি বলেন, ভারতকে করিডোর দেবার যে চুক্তি প্রধানমন্ত্রী স্বাক্ষরিত করে এসেছেন সে বিষয়ে আমাদের স্পষ্ট দাবি হলো, বাংলাদেশকেও ভারতের ভূখন্ড ব্যবহার করে নেপাল এবং ভূটানের সাথে বাণিজ্য করার সুবিধা প্রদান করতে হবে এবং সেইসাথে তিস্তা প্রকল্পে ভারতকে ঋণের পরিবর্তে অনুদান হিসাবে অর্থায়ন করতে হবে। এছাড়াও ভারতীয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের সাথে হওয়া বাংলাদেশ টেলিভিশনের চুক্তির বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, তাঁরা কি এখন নরেন্দ্র মোদির গুনগান প্রচার করবে?
বাংলাদেশের অর্থবছর পরিবর্তন করার দাবি জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ব্রিটিশ আমলের আদলে অনুসৃত জুলাই-জুন অর্থবছর কিন্তু এখন ব্রিটেনেও পরিবর্তিত হয়ে এপ্রিল মাসে শুরু হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী আমাদের অর্থবছর যদি এপ্রিল-মার্চ (বৈশাখ-চৈত্র) মাসে হয় তাহলে বৃষ্টি শুরু হবার আগেই চলমান উন্নয়ন প্রকল্পগুলো শেষ করা সম্ভব হবে যা সরকারি ব্যয় সাশ্রয় করবে এবং জনগণকে ভোগান্তির হাত থেকে রক্ষা করবে।
আরও পড়ুন: ঈদের আগেই ইমাম–মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেবে সরকার
ভারতের মাটিতে খুন হওয়া এমপি আনারকে রবীন্দ্রনাথা ঠাকুরের “কাদম্বিনী” চরিত্রের সাথে তুলনা করে ববি হাজ্জাজ বলেন, আওয়ামী লীগের এমপি মরহুম আনার সাহেব মরে গিয়ে প্রমাণ করেছেন তিনি আসলে কি ছিলেন যা তাঁর রাজনৈতিক দলের চরিত্রেরই বহিঃপ্রকাশ। ববি হাজ্জাজ অভিযোগ করেন, ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ভাইদের রক্তে রঞ্জিত করেই সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্পদের পাহাড় গড়া শুরু করেছিলেন যার চূড়ান্ত সফলতা এসেছিলো ২০১৮ সালে নিশিরাতের নির্বাচন অনুষ্ঠিত করতে সরকারকে সহযোগিতা করার মাধ্যমে।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন, ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক-উজ-জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার শাহেদুল আজম প্রমুখ নেতৃবৃন্দ।





