‘পহেলা বৈশাখ ঘিরে দেশব্যাপী নিরাপত্তা বাড়ানো হচ্ছে’

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ৬:৪৩ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবিঃ সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবিঃ সংগৃহীত

পহেলা বৈশাখ উদযাপনের বিষয়টি সামনে রেখে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে বৈশাখ উৎযাপনের নিরাপত্তা বিষয়ক বৈঠক শেষে একথা জানান তিনি।

আরও পড়ুন: বাংলাদেশকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে সমর্থনের আশ্বাস দিয়েছেন কয়েকটি মুসলিম দেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছর ব্যাপক আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। এ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য যা যা করা প্রয়োজন সেসব করা হচ্ছে। রোজার মত চৈত্র সংক্রান্তি ও নববর্ষের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। 

অন্তর্বর্তী সরকারের ৮ মাসে আইন-শৃঙ্খলা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা যতটুকু সন্তুষ্ট আমিও ততটুকু সন্তুষ্ট।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে কাজ শুরু করেছে: জনপ্রশাসন উপদেষ্টা

সম্প্রতি বাটাসহ বিভিন্ন বিদেশি কোম্পানির দোকানে ভাঙচুর হয়েছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এসব দোকানের সামনে নিরাপত্তা বাড়ানো হবে কি না? এমন আরেক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। যারা এসব ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সেখানে উপস্থিত থাকা সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা হবে কি না এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ। সেখান থেকেই ১০ তারিখে সিদ্ধান্ত হবে। তবে নাম পরিবর্তনের বিষয়ে আজ কোন আলোচনা হয়নি। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আয়োজন করে সেহেতু তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এ বছর বাংলা নববর্ষের উৎসবে প্রচুর জনসমাগম হবে। বিভিন্ন জায়গায় মেলাও হচ্ছে, বাঙালি ছাড়াও ২৬টি জাতিগোষ্ঠী এতে অংশগ্রহণ করবে বলে জানান তিনি।