সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:০৫ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত হবে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা। সকাল ১১টায় সচিবালয়ের পুরাতন ১ নম্বর ভবনের সাবেক মন্ত্রিপরিষদ কক্ষে সভাটি শুরু হবে।

সভায় সভাপতিত্ব করবেন কমিশনের সভাপতি ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান।

আরও পড়ুন: ঢাকাকে ক্লিন ও গ্রীন সিটি করার পরিকল্পনা: প্রধানমন্ত্রী

মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ের লক্ষ্যে গত ২৭ জুলাই সরকার ২৩ সদস্যের ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করে।

বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেওয়াই এ কমিশনের মূল কাজ। কর্মচারীর পরিবারের সদস্য সংখ্যা ছয়জন ধরে আর্থিক ব্যয়ের হিসাব করতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম সভা থেকে শুরু করে আগামী ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেবে কমিশন।

আরও পড়ুন: ভারতীয় ভিসা প্রক্রিয়ায় শিগগিরই ইতিবাচক পরিবর্তনের আশা: পররাষ্ট্রমন্ত্রী

গত সোমবার জাতীয় বেতন কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার পাশাপাশি দেশের আর্থ–সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখার পরামর্শ দেন।

জানা গেছে, এ কমিশন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে। তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়টি এ কমিশনের আওতার বাইরে থাকবে।

বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য ২০টি বেতন গ্রেড রয়েছে। প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এ পে স্কেল অনুসারে বেতন-ভাতা পান।