বিশ্ববাজারে কমল তেলের দাম

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:১০ পূর্বাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাম্প্রতিক ঊর্ধ্বগতির পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সোমবার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ও আন্তর্জাতিক বাজারের ব্রেন্ট ক্রুড—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ২ শতাংশ কমেছে। তবে সৌদি আরবে হুথিদের হামলা এবং তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা বাজারে এখনো চাপ তৈরি করছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৩২ মিনিটে ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ২ ডলার ১৪ সেন্ট বা ২ দশমিক ০৭ শতাংশ কমে ১০১ ডলার ১৩ সেন্টে নেমে আসে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ২ ডলার ১২ সেন্ট বা ১ দশমিক ৮২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১৪ ডলার ৬০ সেন্টে দাঁড়ায়।

আরও পড়ুন: ইরানে তাৎক্ষণিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

এর আগে গত সপ্তাহের শেষ দিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছিল। শুক্রবার সৌদি আরবে হুথিদের হামলার পর সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়লে তেলের দাম প্রায় ৩ ডলার বেড়ে যায়।

পুরো সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পায়। ফলে সোমবারের দরপতন সত্ত্বেও দুই ধরনের তেলের দামই উচ্চ পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

সপ্তাহান্তেও সৌদি আরবে হামলার ঘটনা অব্যাহত ছিল। শনিবার দেশটির বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চালানোর দাবি করে হুথিরা। রোববার সৌদি আরব জানায়, তারা আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।

এর আগে হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের প্রধান বিমানবন্দরে রোববার আংশিক কার্যক্রম শুরু হয়। তবে ওই স্থাপনায় হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এসব ঘটনায় জ্বালানি সরবরাহব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আঞ্চলিক জ্বালানি সরবরাহব্যবস্থা আরও স্থিতিশীল করতে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ থেকে সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুতের পরিকল্পনা করেছে সৌদি আরব। সোমবার দুই দেশের জ্বালানিমন্ত্রীরা এ তথ্য জানান। এদিকে লুইজিয়ানার একটি তেল শোধনাগারে সরবরাহ বিঘ্নের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুত থেকে ৪ লাখ ব্যারেল তেল ছাড়ের অনুমোদন দিয়েছে দেশটির জ্বালানি বিভাগ।

বিশ্ববাজারে তেলের দাম কমলেও সৌদি আরবে হামলা, সরবরাহব্যবস্থার অনিশ্চয়তা এবং বিভিন্ন দেশের জরুরি পদক্ষেপের কারণে জ্বালানি বাজারের পরিস্থিতি এখনো অস্থির রয়েছে।