ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, সই হবে যেসকল চুক্তি
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সরকারি সফরে শনিবার (২৩ আগস্ট) ঢাকায় আসছেন। শুক্রবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শনিবার সকালে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসবেন ইসহাক দার। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।
আরও পড়ুন: আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি সূত্র জানিয়েছে, সফরে কূটনীতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত যাতায়াত চুক্তি, দ্বিপক্ষীয় বাণিজ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, রাষ্ট্রীয় বার্তা সংস্থা, ফরেন সার্ভিস একাডেমি ও সরকারি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। সাংস্কৃতিক সহযোগিতা চুক্তিও নবায়ন করা হবে।
এছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন গণহত্যা, স্বাধীনতা-পূর্ব অভিন্ন সম্পদের অংশীদারি, আটকেপড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া—এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় আসবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। সফরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
আরও পড়ুন: ১৪ গুরুত্বপূর্ণ পুলিশ সুপার বদলি
উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালে হিনা রব্বানি খার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে বাণিজ্য শুরু এবং পাকিস্তানি পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বেশ কিছু অগ্রগতি হয়েছে।





